শনিবার হবে ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণ

কলকাতা : নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। জেলার দুই বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে ফের ভোট হবে। শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণের প্রক্রিয়া।

নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই নির্দেশ জানিয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ওই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটগ্রহণ নির্দিষ্ট কিছু বুথে বাতিল ঘোষণা করে নতুন করে ভোট নেওয়া হবে।

কমিশনের তালিকা অনুযায়ী, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের যে বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হবে সেগুলি হল— উত্তর ইয়ারপুর ফ্রি প্রাইমারি স্কুল, নাজরা ফ্রি প্রাইমারি স্কুল, দেউলা ফ্রি প্রাইমারি স্কুল, ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা, একতারা মালয়া ফ্রি প্রাইমারি স্কুলের একাধিক কক্ষ এবং বাহিরপুয়া কুরকুরিয়া ফ্রি প্রাইমারি স্কুলের তিনটি বুথ।

অন্যদিকে, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের তালিকায় রয়েছে বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা ফ্রি প্রাইমারি স্কুল, হরিদেব ফ্রি প্রাইমারি স্কুল এবং রয়নগর ফ্রি প্রাইমারি স্কুল।
তবে আপাতত ফলতা বিধানসভা কেন্দ্রের কোনও বুথে পুনরায় ভোটগ্রহণ হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করেনি কমিশন। ওই কেন্দ্র সম্পর্কিত রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলিতে পুনরায় ভোটগ্রহণের সম্পর্কে সর্বাধিক প্রচার চালাতে হবে এবং প্রার্থীদের লিখিতভাবে জানাতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =