কলকাতা : পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকবে। দিনের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের জন্য ৭ থেকে ৯ অক্টোবর বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ৮ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কলকাতায় সকাল থেকেই বাতাসে আর্দ্রতা বেশি রয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬৫ থেকে ৭৮ শতাংশের মধ্যে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

