দিল্লির কোচিং দায়িত্বে মহারাজ, আইপিএলের অধরা ট্রফি কি এবার আসবে ‘দাদা’র হাত ধরেই?

অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন। প্রশাসক হিসেবেও সামলেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার কোচ হিসেবেও নিজের ছাপ রাখার পথে সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে কোচ হিসেবে প্রথম অভিযানেই দলকে ফাইনালে তুলেছিলেন। সেই সাফল্যের পর এবার আরও বড় দায়িত্ব তাঁর কাঁধে। ভারতের মাটিতে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’।

মঙ্গলবার সৌরভকে দলের নতুন হেড কোচ হিসেবে ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। যদিও তাঁর নিয়োগ নিয়ে বেশ কিছু দিন ধরেই ক্রিকেটমহলে জল্পনা চলছিল। এত দিন দিল্লির সঙ্গে মেন্টর এবং ক্রিকেট ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন সৌরভ। এবার সরাসরি দলের ড্রেসিংরুমের দায়িত্বও তাঁর হাতে তুলে দেওয়া হল। অর্থাৎ কেএল রাহুলদের কোচ হিসেবে এবার মাঠের বাইরে থেকে কলকাঠি নাড়বেন সৌরভ।

ভারতের মাটিতে এর আগে কোনও আইপিএল দলের প্রধান কোচ হিসেবে কাজ করেননি তিনি। ফলে নতুন দায়িত্বে সৌরভের সামনে রয়েছে একেবারে নতুন চ্যালেঞ্জ। ক্রিকেটার হিসেবে অধিনায়কত্ব, প্রশাসক হিসেবে সিদ্ধান্ত নেওয়া এবং এবার কোচ হিসেবে ক্রিকেটারদের তৈরি করা তিনটি ভিন্ন ভূমিকায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাই দিল্লিকে সাফল্যের পথে এগিয়ে দিতে পারে বলে আশাবাদী দলের সমর্থকেরা।

দিল্লি ক্যাপিটালস বর্তমানে জেএসডব্লিউ স্পোর্টস এবং জিএমআর স্পোর্টসের যৌথ মালিকানাধীন। দু’টি সংস্থা পালা করে ফ্র্যাঞ্চাইজির পরিচালনার দায়িত্ব নেয়। আগামী মরশুমে সেই দায়িত্ব থাকবে জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। আর সৌরভ ২০২৪ সাল থেকেই জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট ডিরেক্টর। ফলে দলের কাঠামো এবং ক্রিকেটারদের সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা রয়েছে। সেই কারণেই এবার কোচিংয়ের গুরুদায়িত্বও তাঁর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

দিল্লির সঙ্গে সৌরভের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে দলের মেন্টর হিসেবেও কাজ করেছিলেন তিনি। পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর সেই দায়িত্ব ছাড়তে হয় তাঁকে। শুধু পুরুষ দল নয়, দিল্লির মহিলা দলের সঙ্গেও তাঁর যোগ রয়েছে। ফলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতি, কাজের ধরন এবং ব্যবস্থাপনা সম্পর্কে তিনি দীর্ঘ দিন ধরেই পরিচিত।

তবে কোচ হিসেবে সৌরভের প্রথম বড় পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে। জেএসডব্লিউ স্পোর্টসের প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। শুরুটা খুব একটা সহজ ছিল না। পরপর দুই ম্যাচে হারের ধাক্কা সামলাতে হয়েছিল দলকে। কিন্তু সেখানেই সৌরভের কোচিং দক্ষতার প্রথম বড় পরীক্ষা।

হারের পর দলের আত্মবিশ্বাসে চিড় ধরতে দেননি তিনি। বরং ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি বদলানোর চেষ্টা করেন। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় প্রিটোরিয়া। একের পর এক ম্যাচ জিতে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেয় তারা। যে দল গত দুই মরশুমে ধারাবাহিকতার অভাবে সমস্যায় ভুগেছিল, সেই দলের মানসিকতায় বড় পরিবর্তন আনতে সফল হন সৌরভ। ড্রেসিংরুমে আত্মবিশ্বাস ফিরিয়ে এনে দলকে প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দাবিদার করে তুলেছিলেন।

শেষ পর্যন্ত ফাইনালে ট্রফি জেতা হয়নি। কিন্তু কোচ হিসেবে প্রথম অভিযানেই সৌরভ বুঝিয়ে দেন, শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া নয়, ড্রেসিংরুম সামলানো এবং কঠিন পরিস্থিতিতে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষমতাও তাঁর রয়েছে।

এবার সেই অভিজ্ঞতা নিয়েই আইপিএলের মঞ্চে নামবেন তিনি। সামনে কেএল রাহুলদের মতো অভিজ্ঞ ক্রিকেটার। লক্ষ্যও স্পষ্ট দিল্লি ক্যাপিটালসকে আইপিএলের সাফল্যের দরজায় পৌঁছে দেওয়া। এখনও পর্যন্ত আইপিএল ট্রফি অধরা দিল্লির কাছে। এবার ‘দাদা’র হাত ধরে কি সেই বহু প্রতীক্ষিত ট্রফি আসবে? উত্তর দেবে আগামী মরশুম। তবে সৌরভের কোচিং অধ্যায়ের দ্বিতীয় ইনিংস যে বেশ আকর্ষণীয় হতে চলেছে, তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 20 =