কলকাতা : কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বিচারপতি রবীন্দ্র বিঠঠলরাও ঘুগেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাজভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানান তিনি।
অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানটি পূর্ণ মর্যাদা ও সাংবিধানিক রীতি মেনে সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতি ঘুগেকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানান। পাশাপাশি শিল্পীর হাতে স্বামী বিবেকানন্দের একটি চিত্রপটও উপহার হিসেবে তুলে দেন তিনি।
নতুন প্রধান বিচারপতির কার্যকালের সফলতা কামনা করে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যের বিচারব্যবস্থা ও আইনের শাসন আরও সুদৃঢ় হবে, সাংবিধানিক মূল্যবোধ সুরক্ষিত থাকবে এবং রাজ্যের সাধারণ মানুষের জন্য দ্রুত ও নিরপেক্ষ বিচার সুনিশ্চিত করার কাজ এগিয়ে যাবে।
উল্লেখ্য, বুধবার কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক ১ নম্বর এজলাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি নতুন প্রধান বিচারপতি হিসেবে আর. ভি. ঘুগেকে শপথ বাক্য পাঠ করান। এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, কলকাতা হাইকোর্টের বর্তমান ও প্রাক্তন বিচারপতিবৃন্দ, অ্যাডভোকেট জেনারেল, প্রবীণ আইনজীবী, মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসন ও বিচার বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন।

