শনিবার ৯ মে ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচের আগে বড় সুখবর পেল সবুজ-মেরুণ ব্রিগেড। মোহনবাগানের বিরুদ্ধে ডাগআউটে থাকতে পারবেন না এফসি গোয়া হেড কোচ মানোলো মার্কেজ। শুক্রবার বেলার দিকে সাংবাদিক বৈঠকে গোয়ার তরফ থেকে উপস্থিত থাকবেন সহকারী কোচ গৌরমাঙ্গি সিং।
তবে গত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে কার্ডও দেখেননি তিনি, যা খবর, অসুস্থও নন তিনি। সূত্রের খবর, এর পিছনে রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে মানোলোর একাধিক মন্তব্য! যার জেরে ফেডারেশনের তরফ থেকে নির্বাসিত করা হয়েছে মানোলোকে। জামশেদপুর ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আইএসএল পরিচালনা নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে সরব হন মানোলো, যদিও সাংবাদিক বৈঠকের অডিও থেকে সেই অংশ বাদ দেওয়া হয়েছিল। এরপর জামশেদপুরের বিরুদ্ধে ০-২ গোলে হারার পর সাংবাদিক বৈঠকে ফের ফেডারেশন ও রেফারিং নিয়ে তোপ দাগেন মানোলো। এমনকি, আগের সাংবাদিক বৈঠকে তার বক্তব্য বাদ দেওয়া নিয়েও সরব হয়েছিলেন তিনি। তারই শাস্তি পেলেন মানোলো। আপাতত মোহনবাগান ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে মানোলোকে। তবে এই শাস্তি বড় প্রভাব ফেলবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে। যেখানে লিগের শীর্ষস্থানে যাওয়ার লড়াই ছিল, সেখানে মানোলো না থাকলে বাড়তি সুবিধা পাবে মোহনবাগান, তা বলাই বাহুল্য।

