‘পদ্ধতির বিচ্যুতি’, ‘ষড়যন্ত্রের ছক’; অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে মন্তব্য শমীকের

হাওড়া : এবার অন্নপূর্ণা যোজনায় বিক্ষোভ নিয়ে নতুন কথা শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। গোটা পদ্ধতিতে বিচ্যুতি ঘটেছে, তা স্বীকার করেও শমীকের দাবি, ষড়যন্ত্র করার চেষ্টা হয়েছে। তবে সকলেই টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস তাঁর।

রবিবার হাওড়ার এক অনুষ্ঠান থেকে তিনি বললেন, ‘‘কিছু বিচ্যুতি আছে, সিস্টেমের সমস্যা। কোথাও কোথাও সাবোটাজ করার চেষ্টা হচ্ছে। তাই এমনটা হয়েছে। দেখুন, তৃণমূল আমলে পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার মতো ভুয়ো কাজ এখানে হবে না। আমি বলছি, সবাই অন্নপূর্ণার টাকা পাবেন। এখন আরও প্রায় ৫০ লক্ষ মহিলাকে দেওয়া হবে। ২ থেকে ৩ শতাংশ টাকা পাননি। সবাই পেয়ে যাবেন।”

তাঁর আরও ব্যাখ্যা, ‘‘দেখুন স্ক্রিনিং করতে হচ্ছে। বছরে ৩৬ হাজার টাকা তো কম টাকা নয়। এত লক্ষ পুরুষ! তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন। সরকারি কর্মচারী লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আপনারা কি এটা চান, যিনি স্কুলের শিক্ষিকা যাঁর বেতন ১ লক্ষ টাকার উপরে তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তিনিও অন্নপূর্ণা যোজনা পাবেন। এটা কী চান? তো সোশাল ওয়েলফেয়ার প্রোজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য। তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

প্রসঙ্গত, সময়মতো আবেদন করে ‘যোগ্য’ প্রমাণিত হওয়া সত্ত্বেও অন্নপূ্র্ণা যোজনার অর্থ হাতে পাননি, এই অভিযোগ রাজ্যের মহিলাদের একাংশের। সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ৩০০০ টাকা না পাওয়ায় বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে। এমনকী রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও সেই বিক্ষোভের মুখে পড়েছেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে রাজ্য প্রশাসনের পদাধিকারীরা বারবার আশ্বস্ত করেছেন, চিন্তা বা ক্ষোভের কারণ নেই। যোগ্যরা ঠিক অর্থ পাবেন। একটু সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + five =