কমনওয়েলথ গেমসে বড় সাফল্য পেয়েছে ভারত। মোট ৩৯ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। ভারত ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ জিতেছে। রবিবার পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য উদযাপন করেছেন প্রধানমন্ত্রী। এবারও তিনি সাক্ষাৎ করলেন পদকজয়ীদের সঙ্গে। সেই সঙ্গে এবার ‘হ্যালো ফ্রেন্ডস’-এর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় রিলও বানালেন তিনি। নয়া দিল্লিতে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে তাঁদের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও প্রতিশ্রুতির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দেশে ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার কথাও বলেন তিনি। ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীকে হিন্দিতে বলতে শোনা যায়, “জো খেলেগা, ও খিলেগা।” অর্থাৎ যে খেলবে, সেই ফুলের মতো ফুটবে।
এই সাক্ষাতে মীরাবাই চানু, হর্ষ সিং, সাক্ষী চৌধুরীর মতো বক্সাররা ছিলেন। তবে রুপোজয়ী নীরজ চোপড়া ছিলেন কি না জানা যায়নি। বাকিদের নিয়ে সাক্ষী একটি ভিডিও বানান। সাক্ষী বলেন, “ফ্রেন্ডস, আজ মাননীয় প্রধানমন্ত্রী কমনওয়েলথ পদকজয়ীদের আহ্বান করেছেন। আমরা গর্বিত, খুব খুশি। উনি খুব বিনয়ী। স্যর, আপনিও কিছু বলুন।’ তখন প্রধানমন্ত্রী বলেন, “যে খেলবে, সে উন্নতি করবে।”

