নদিয়া : তোলাবাজির ঘটনায় ধৃত প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে সোমবার রাতে নদিয়ার করিমপুরে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয়েছে ৩ কেজিরও বেশি সোনা। এই সোনার সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। সেই সোনা কী ভাবে কেনা হল, সে বিষয়ে খোঁজ করা হচ্ছে। তোলাবাজির টাকার সঙ্গে এ ঘটনার সঙ্গে সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে হানা দেয় বিধাননগর পুলিশের একটি দল। নদিয়ার তেহট্ট থানার বাড়িতে অবশ্য টিনা বা তাঁর স্বামী নিলয় ভৌমিক ছিলেন না। তাঁর শ্বাশুড়ি অর্চনা ভৌমিক বলেন, “রাত ৩টে নাগাদ পুলিশের একটি দল বাড়িতে আসে। সঙ্গে ছিল সব্যসাচী দত্ত। কিছু সোনার গয়না ওরা নিয়ে গিয়েছে। টিনারা কলকাতায় আছে।”
পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ককে নদিয়ার করিমপুরে নিয়ে গিয়েছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখানকার কিশোরপুর এলাকায় তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে ছিল করিমপুর থানার পুলিশও।

