আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা অবরোধ, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

কলকাতা :- একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। হেস্টিংস থানায় দায়ের হওয়া এফআইআরে আদালতের নির্দেশ লঙ্ঘন এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একটি মাত্র লেনে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সভা চলাকালীন তৃণমূল কর্মী-সমর্থকেরা রাস্তার উভয় লেনই কার্যত দখল করে নেন। এর ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। এই ঘটনাকে আদালতের নির্দেশ অমান্য এবং বেআইনিভাবে রাস্তা অবরোধের শামিল বলে মনে করে হেস্টিংস থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করেছে। ঘটনার সময়কার ভিডিও ফুটেজ, সিসিটিভি রেকর্ডিং এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের দাবি।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে কারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তা শনাক্ত করার কাজ চলছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =