কলকাতা : দোল উৎসবের সকালেই বিপত্তি। পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ। জানা গিয়েছে, বাড়িটি প্রায় দেড়শো বছরেরও বেশি পুরোনো। তবে দুর্ঘটনার সময়ে বাড়িতে কেউ না থাকায় কোনও বড় ধরনের বিপদ ঘটেনি। এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকার এলিয়ট রোডে। পুরোনো বাড়িটির ছাদের কার্নিশের একাংশ ভেঙে পড়েছে। বাড়ির ভিতরের উঠোনে রাখা ছিল স্কুটি ও সাইকেল। তার উপরেই ভেঙে পড়ে ছাদের কার্নিশের বড় অংশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত দেড়শো বছরের পুরোনো বাড়িটির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একেবারে জরাজীর্ণ অবস্থা। এদিকে গত শুক্রবার কলকাতায় জোরালো ভূমিকম্প হয়। তাতেও সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়ির কাঠামো। তার জেরেই এই দুর্ঘটনা। বাড়ির বাসিন্দারা বর্তমানে বাইরে রয়েছেন। ঘিরে ফেলা হয়েছে দুর্ঘটনাস্থল।

