বিজেপির দীপাবলি মিলন অনুষ্ঠানে ৫০ দেশের ৯০-র বেশি কূটনীতিকের যোগদানের সম্ভাবনা

নয়াদিল্লি : আন্তর্জাতিক কূটনৈতিক মহলের প্রতিনিধিদের নিয়ে বিশেষ দীপাবলি মিলন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নয়াদিল্লিতে দলের সদর দফতরে এই অনুষ্ঠানের আয়োজন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলীয় সূত্রে জানানো হয়েছে, প্রায় ৫০টি দেশের ৯০-র বেশি কূটনৈতিক প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তাঁদের মধ্যে বিভিন্ন দেশের মিশন প্রধান, উপ-মিশন প্রধান এবং প্রবীণ কূটনীতিকেরা থাকবেন বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতাদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

বিজেপির বক্তব্য, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাচীন পরম্পরা এবং দীপাবলির উৎসবের আবহের সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক মহলকে পরিচিত করানোই এই বিশেষ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং জনস্তরের সম্পর্ক আরও মজবুত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনও তুলে ধরা হবে। বেহালাবাদক নন্দিনী শঙ্কর এবং আইপ্যাডের মাধ্যমে সংগীত পরিবেশনকারী মহেশ রাঘবনের বিশেষ পরিবেশনা ‘পরম্পরা ও উদ্ভাবন’ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে।

বিজেপির সদর দফতরে আয়োজিত এই অনুষ্ঠান ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য ও উৎসবের ঐতিহ্য আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার একটি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 1 =