দু’দলের হাতাহাতি থামাতে গিয়ে গুরুতর জখম তারকেশ্বর থানার ওসি

হুগলি : শনিবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠল হুগলির তারকেশ্বর। দুই দলের হাতাহাতি থামাতে গিয়ে গুরুতর জখম হন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, শনিবার সন্ধ্যারাতে এলাকার তৃণমূল কর্মী পূজা সাউয়ের বাড়িতে চড়াও হয়েছিলেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে তাঁকে বাঁচাতে দলে দলে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে যান। তখনই দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ, দুই পক্ষের হাতাহাতি থামাতে গিয়ে মাথায় গুরুতর চোট পান তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এর পরেই পাঁচ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পদ্মশিবিরের কর্মী-সমর্থকরা। রাতেই তারকেশ্বর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিজেপি কর্মীদের দাবি, ধৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ঘটনায় প্রবল উত্তেজনা রয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =