‘পুতুলনাচের ইতিকথা’র নব্বই বছর : বিস্ময়কর আকর্ষণে আজও অমলিন

স্বপনকুমার মণ্ডল 

এ বছর (২০২৬) মানিক বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘পুতুলনাচের ইতিকথা’র(১৯৩৬) নব্বই বছর পূর্ণ হল। বাংলা উপন্যাসের ধারায় তার অপ্রতিদ্বন্দ্বী প্রকৃতি ও অপ্রতিরোধ্য জয়যাত্রা আজও অব্যাহত।
১৯৯৭-৯৮-এ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাংলায় এম এ পড়ার সময় ‘পুতুলনাচের ইতিকথা’র পাঠে সামিল হই। তখন টেক্সের চেয়ে রেফারেঞ্চের প্রতি দৃষ্টি । শুধু তাই নয়, তাতে আহৃত ধনের বিজ্ঞাপনী চমকে আকৃষ্ট হওয়ার বয়স। উপন্যাসটির বয়স তখন একষট্টি-বাষট্টি। অথচ তাতে যৌবনের মৌবনে হাতছানি যথেষ্ট। অত্যন্ত সহজেই কলকাতা মেডিক্যাল কলেজ থেকে সদ্য পাশ করে গাওদিয়ায় আসা পঁচিশ-ছাব্বিশের শশী ডাক্তারের সঙ্গে রোগীবেশী পরাণের তেইশ বছরের বাঁজা বৌ কুসুমের প্রেমে অতৃপ্ত মনের প্রকাশ সমবয়সী ছাত্রছাত্রীদের মনে রেখাপাত করে। সেখানে প্রেমের বিচ্ছেদবিরহের দুটি বিষয় অসাধারণ ভাবে মনের সঙ্গে একাত্ম হয়ে ওঠে । তার প্রথমটি প্রেমে শশীর উপেক্ষা ও উদাসীনতায় বীতশ্রদ্ধ কুসুমের বিরূপ মনোভাবের প্রকাশ। পেটব্যথায় শশীর ডাক্তারের প্রত্যাশিত সাড়া না পেয়ে অভিমানিনী কুসুম চারদিন পরে ক্ষমা চাইতে এসে শশীর ঘরের পিছনে জানালার নীচে গোলাপের চারা মাড়িয়ে যাওয়ার মধ্যে তার ইতিটানার প্রতীকায়ন আপনাতেই ভাবিয়ে তোলে। ঔপন্যাসিকের ভাষায়, ‘শশী ঘুরিয়া বাগানে গিয়া দ্যাখে জানালার নিচে তাহার অত স্বাদের গোলাপচারাটি কুসুম দুই পায়ে মাড়াইয়া মাটিতে পুঁতিয়া দিয়াছে।‘ উপন্যাসের শুরুতেই বাজিতপুরে নদীর ধারে বটগাছের নীচে আশ্রয় নেওয়া বজ্রপাতে মৃত হরেন ঘোষের ছেলে পরাণের বাড়ির সঙ্গে শশীর নিবিড় সম্পর্কই শুধু নয়, সে ঘোষ পরিবারের অভিভাবকও হয়ে ওঠে। সেখানে প্রাণচঞ্চলা কুসুমের সঙ্গে পরকীয়ায় মন না দিলেও প্রেমের অপ্রতিরোধ্য টান অনুভব করত। কুসুমের প্রতি শশীর আকর্ষণ বাইরে প্রকাশ না পেলে মনে তাকে অস্থির করে তুলত। অথচ তার প্রকাশে নির্লিপ্ত ভাব উপেক্ষা আর উদাসীনতা বয়ে এনেছে বলেই প্রেমের গোলাপ মাড়িয়ে কুসুমের অপেক্ষা অবসান স্বাভাবিক হয়ে ওঠে। যৌবনের আবেগে প্রেম যেমন গভীর হয়, তেমনই তার আঘাতে শুধু বিমুখতাই নেমে আসে না, আরও বেশি অন্তর্মুখী করে তোলে। অন্যদিকে কুসুমের কথাবার্তায় সেই প্রেমের পরশের অভাবই শশীকে আর বেশি সচেতন করে তোলে। শুধু তাই নয়, শশীকে ক্রমশ অস্থির করে তোলায় একসময় সে পরানের অসুস্থ বৌয়ের মনের হদিশ পেতে চায়। মানিক সেই লক্ষ্যভেদী ভাষা প্রেমে বিজ্ঞাপনী চমক এনে দিয়েছিল আমাদের মনে, ‘শরীর ! শরীর! তোমার মন নাই কুসুম?’ বয়স বাড়লেও প্রেমের প্রকৃতি একই রকম থেকে । প্রেমের সেই মান-অভিমান, ভুল বোজাবুঝি, বিচ্ছেদের বিরহ থেকে মিলনের তীব্র আর্তি সবেতেই তার মোহ-মায়ার নিবিড় হাতছানি। শশী ও কুসুমের অসফল প্রেমের অন্তরদহনের ছবি উপন্যাসের অনেকটা অংশ জুড়ে বিস্তার। সেখানে পারস্পরিক আকর্ষণে পরকীয়ার কথা প্রকট হয়ে ওঠে, প্রেমিক-প্রেমিকার আবহই প্রাধান্য লাভ করে। সেক্ষেত্রে শশীর কাছে এলে কুসুমের চিত্তচাঞ্চল্যের কথার পরিপ্রেক্ষিতে শরীর থেকে মনের হদিশ স্বাভাবিক মনে হয়। শশীর মনের জিজ্ঞাসার অব্যবহিত পূর্বে কুসুম অকপটে জানিয়েছে, ‘আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছোটবাবু?’

‘পুতুলদনাচের ইতিকথা’য় শশীর কলেজজীবনের বন্ধু কুমুদের সঙ্গে হারানের মেয়ে মতির প্রেম থেকে পরিণয়ের কথাও আছে। কার্তিক মাসে গাওদিয়ার কার্তিক পূজার উৎসবে বিনোদিনী অপেরার যাত্রার দলের অভিনেতা তথা জনার পুত্র প্রবীর ভূমিকায় বোহেমিয়ান কুমুদের গাওদিয়ায় আসা, শশীদের বাড়িতে যাওয়া, মতির সঙ্গে আকস্মিক পরিচয় ক্রমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা, সেই প্রেমের তীব্রতা থেকে পরিণয় লাভ করা এবং ছিন্নমূল দাম্পত্যজীবনের প্রগাঢ় প্রেমে নিরুদ্দেশ যাত্রা সবেতেই লাগামহীন বিস্তার। সেক্ষেত্রে কুমুদ ও মতির মধ্যে শহুরে ভবঘুরে ছেলের সঙ্গে গেঁয়ো মেয়ের আশ্চর্য মেলবন্ধন বিস্ময় সৃষ্টি করে। আরও একটি জীবনদর্শন সেই ছাত্রজীবনে অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল মনে। পরানের সঙ্গে যাত্রা শুনতে গিয়ে মতির বসার জায়গা না হওয়ায় অগত্যা শশী তাকে গ্রামের ধনী-মানী শীতলাবাবুর কলকাতা প্রবাসী ভাইয়ের অভিজাত পরিবারের মেয়েদের বসার জায়গায় বসিয়ে দেয়। সেখানে দুভাইয়ের পরিবারের নারীর সংখ্যাধিক্যে অসাধারণ একটি কথা চমক সৃষ্টি করে। লেখকের ভাষায়, ‘সংসারে যেখানে যত টাকা সেখানে তত নারী, সেখানে তত পাপ।‘ উপন্যাসে তা প্রাসঙ্গিক মনে না হলেও আমাদের ভাবিয়ে তুলেছিল। আমরা পাপ থেকে মৃত্যু পর্যন্ত বাড়িয়ে নিয়েছিলাম। টাকার প্রাচুর্যে ভোগের আরতি থেকে পাপের বিস্তার আমাদের মনে স্বাভাবিক ভাবেই আলোড়ন তোলে। অন্যদিকে ভবঘুরে কুমুদকে সঁপে দেওয়া মতির প্রেমে যৌবনে প্রেমের রোমাঞ্চমুখর রহস্যময়তার আকর্ষণ নেই, নেই তার উষ্ণতার পরশ ও মনস্তাত্ত্বিক টানাপোড়নের মধুক্ষরণ। সেদিক থেকে শশী ও কুসুমের পরকীয়া অনেক বেশি উপাদেয় হয়ে ওঠে, বাস্তবতার নিরিখে বিশ্বাসের আলোয় প্রেমের উষ্ণতার পরশ ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, সেই প্রেমের ট্র্যাজিক পরিণতিও আমাদের মিলনাকাক্ষ্মী মনকে আলোড়িত করে। মানিক বন্দ্যোপাধ্যায় ‘পুতুল নাচ’ দেখাতে গিয়ে যেমন প্রেম দেখিয়েছেন, তেমনই প্রতাপও দেখিয়েছেন। যৌবন প্রেমে আকৃষ্ট হয়, প্রতাপে রুখে দাঁড়ায়। অথচ প্রেম ও প্রতাপকে নিয়ে জীবনের জয়-পরাজয়ের খেলার হিসেব মেলানো যায় না। সেখানে হিসাবি যাপন দিয়ে বেহিসাবি জীবনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একদিকে জীবনকে নিজের মতো উপভোগের প্রয়াস, অন্যদিকে জীবনকে সঁপে দিয়ে মিলনমধুর জীবনকে লাভ করার বাতিক। দুটি দিকের টানাপোড়নে পুতুল নাচের অদৃশ্য সুতো মানুষের নিয়ন্ত্রণে থাকে না। সেক্ষেত্রে জীবনকে গুছিয়ে নিতে গিয়ে আকস্মিকতার খেলায় তা অগোছালো হয়ে পড়ে, চাওয়া-পাওয়ার মাঝে দুস্তর ব্যবধান গড়ে ওঠে। ইচ্ছে-অনিচ্ছের দড়ি টানাটানিতে হারজিতের চেয়েও বড় হয়ে ওঠে অনিবার্য সীমাবদ্ধতা। কেউ তা মেনে নিয়ে বেঁচে থাকে, কেউ তা মেনে নিতে বাধ্য হয়, কেউ আবার হেরে গেলেও হারিয়ে যেতে না চাওয়ায় ফিরে আসার স্বপ্ন আকড়ে বেঁচে থাকে। সেক্ষেত্রে শশী-কুসুমের প্রেমের ট্র্যাজিক পরিণতি অস্বাভাবিক নয়।  উপন্যাসের আধারে তার পরিচয় বিদ্যমান ।

আসলে ঔপন্যাসিক তাঁর লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়ন্ত্রণহীন জীবনের কথা তুলে ধরার ক্ষেত্রে অনিশ্চিত জীবন ও অনিবার্য মৃত্যু বিষয়ে বিচিত্র পথে অগ্রসর হয়েছেন। সেক্ষেত্রে প্রবৃত্তিতাড়িত জীবনের প্রবাহে স্বাভাবিক ভাবেই প্রেম থেকে পরিণয়ে সুখী গৃহকোণের হাতছানিতে জীবনকে গুছিয়ে নেওয়ার সদিচ্ছা্র সঙ্গে অনিশ্চয়তায় ভরা বিপথগামী জীবনের হিসেবে গরমিল স্বাভাবিক হয়ে ওঠে। সেখানে কামনাবাসনাময় জীবনে প্রেম যেমন পরিণতি লাভ করে না, তেমনই দাম্পত্যপ্রেমেও অবৈধ পরকীয়া হাতছানি দেয়। আবার ভাগ্যবিড়ম্বিত জীবনে বিয়ের পরেও প্রেমের আসক্তি থেকে যায়, প্রেমহীন দাম্পত্যজীবন অভ্যাসে ভারী হয়ে ওঠে। সেই অসুখী গৃহকোণে চার জোড়া নরনারীর দাম্পত্য জীবনের চাওয়া-পাওয়ার নির্মম পরিণতির মধ্যে তার পরিচয় নগ্ন হয়ে ওঠে। পরাণ-কুসুম, নন্দলাল-বিন্দু, যাদব পণ্ডিত-পাগলদিদি, যামিনী কবিরাজ-সেনদিদি, বনবিহারী-জয়া সবার দাম্পত্যজীবনের করুণ পরিণতি জীবনের আকস্মিকতায় প্রকট হয়ে ওঠে। পরানের নিঃসন্তান সংসারে ধনী ঘরের মেয়ে কুসুমের আধিপত্য থাকলেও মনে সুখ ছিল না। চৌদ্দ বছর বয়সে তার পরানের সঙ্গে বিয়ে হয়েছিল। অন্যদিকে কুসুমের প্রাণচাঞ্চল্য পরানের ছিল না। সে মানসিক ভাবে দুর্বল ও অলস। সেদিক থেকে কুসুমের সেই মনের ঘরের একাকিত্বই তাকে শশী ডাক্তারের প্রতি দুর্বল করেছিল। দালালি ও মহাজনি করা গোপাল দাস যেভাবে কলকাতার পাটের কারবারি নন্দলালকে কৌশলে বাড়িতে আটকে তার মেঝ মেয়ে বিন্দুবাসিনীকে বিয়ে দিয়েছিল, তাতে ধনী ঘরের বৌ না হতে পেরে তার ক্ষেত্রে বহুমূল্যের সালংকরা রক্ষিতার জীবনই অনিবার্য হয়ে ওঠে। অন্যদিকে রথের দিন সূর্যবিজ্ঞানে অন্ধবিশ্বাসী যাদব পণ্ডিতের সিদ্ধপুরুষের সংস্কারের মিথ্যাচারে স্বেচ্ছামৃত্যুর ঘণ্টাখানেক পরে পতিব্রতা সতীত্বে পাগলদিদির অকালমৃত্যু ঘটে। আবার যামিনী কবিরাজের সন্দেহবাতিক মনে সেনদিদির দাম্পত্যজীবন আপনাতেই বিষিয়ে ওঠে। আসলে শশীর বাবা গোপাল দাসের জীবন্ত মানুষের ব্যবসাও ছিল। সে টাকার বিনিময়ে যে তিনজন বৃদ্ধকে বৌ জুটিয়ে দেয়, তার মধ্যে যামিনী কবিরাজকে দেড়শ টাকায় বিক্রি করা বৌকে শশী সেনদিদি বলে ডাকত। সেনদিদি দেখতেও সুন্দরী । গোপালের সঙ্গে সেনদিদির অবৈধ সম্পর্ক নিয়ে পাড়ার চর্চাই যামিনী কবিরাজের মনকে বিষিয়ে তোলে। ঘৃণাবোধে অসুস্থ স্ত্রীর মৃত্যকামনাও তার মুখে উঠে আসে। সেনদিদি তার পরেও সুস্থ হয়, মৃত্যুর আগে একটি ছেলের জন্ম দিয়ে গোপালের সঙ্গে পরকীয়ার জের রেখে শশীর মনের তিক্ততা আরও বাড়িয়ে দেয়। কলকাতায় জয়া আবার ভবঘুরে কুমুদের বিয়ের আগের প্রেমিকা হলেও বনবিহারীর শিল্পীপ্রতিভায় বিশ্বাস রেখে দারিদ্র্যকে বরণ করে তার সঙ্গে ঘর বাঁধে এবং সেই বিশ্বাস ভেঙে যাওয়ায় তার অসুখী দাম্পত্যজীবন নগ্ন হয়ে পড়ে। সেক্ষেত্রে যাযাবর জীবনেও কুমুদকে আঁকড়ে গাওদিয়ার অজপাড়াগায়ের মেয়ে মতির দাম্পত্যজীবন বিস্মরকর ভাবে টিকে যায়। সেখানে সংসারউদাসীন কুমুদ মতিকে গাওদিয়ায় রেখে আবার আয়ের উদ্দ্যেশ্যে সঙ্গচাড়া করতে গিয়েও ব্যর্থ হয় । নাছোড় মতি ট্রেনের বাথরুমে থেকে গিয়ে ট্রেন ছাড়ার অপেক্ষায় থেকে কুমুদের সহচর হয়, তাতেই তার স্বামীকে নিয়ে ঘরবাঁধার মরিয়া প্রয়াস পাঠককে সচকিত করে তোলে। মানিক বন্দ্যোপাধ্যায় কুমুদ-মতির জীবন নিয়ে আর অগ্রসর হননি। তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে তিনি আর লিখতে চাননি। তাঁর কথায় : ‘আজ সে কথা কিছুই বলা যায় না। পুতুলনাচের ইতিকথায় সে কাহিনী প্রক্ষিপ্ত—ওদের কথা এখানেই শেষ হইল। যদি লিখিতে হয় ভিন্ন বই লিখিয়া বলিব।‘

উপন্যাসে কুমুদ-মতির ‘কাহিনী প্রক্ষিপ্ত’ হলেও লেখক সেখানে লক্ষ্যভেদী সফলতা পেয়েছেন। ভাগ্যবিড়ম্বিত জীবনে চাওয়া-পাওয়ার হিসেব মেলে না, প্রত্যাশা-প্রাপ্তির গরমিল স্বাভাবিকতা লাভ করে। সেখানে কুমুদ ও মতির পরস্পর বিপরীত প্রকৃতির দুজন নরনারীর দাম্পত্যজীবনের অপ্রত্যাশিত মিলনমধুর জীবনই পুতুলনাচের অদৃশ্য চালকের কথা স্মরণ করিয়ে দেয়। অন্যদিকে উপন্যাসের শেষের দিকেও শশী-কুসুমের নানা রঙ নানা পরত জারি থাকলেও তাদের পারস্পরিক বিচ্ছেদবিরহ আরও তীব্রতা লাভ করে। সেক্ষেত্রে কুসুমের প্রাণচঞ্চল সবুজ প্রকৃতি ও সহজ প্রাণের পরশে তার সরল মনের ভাবাবেগে শশীর নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে মুক্ত হাওয়া বয়ে আনে। কুসুমের সমাদর ও সতেজ প্রাণের বন্ধুত্ব তাকে আকৃষ্ট করে, যৌবনোচিত প্রেমের পরশ জাগিয়ে তোলে। অথচ শশীর মানসিকতাই কুসুমের প্রেমের পথে বাঁধা হয়ে ওঠে। মানিক বন্দ্যোপাধ্যায় শশীর মানসিকতাকে নানাভাবেই প্রকট করে তুলেছেন । আসলে সে যে জীবনের প্রতি শ্রদ্ধাশীল একজন আত্মসচেতন ব্যক্তি, সেকথাও উপন্যাসে উঠে এসেছে। লেখকের কথায় : ‘শশী ইহাও বুঝিয়াছে যে, জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময়, জীবনদেবতার এই রীতি।‘ শশী এজন্য জীবনকে প্রাণপণে শ্রদ্ধা করে । শুধু তাই নয়, লেখকের কথায়, ‘নিজের জীবনকে সে শ্রদ্ধা করে সকলের চেয়ে বেশি।‘ স্বাভাবিক বাহবে শশীর জীবনের কাছে কুসুমের প্রেম প্রত্যাশিত মূল্য পায়নি। প্রেম তো করুণার ধন নয়, তাকে যথার্থ মূল্য দিয়েই পেতে হয়। সেক্ষেত্রে তার অভাবে প্রেমে বিচ্ছেদ অনিবার্য হয়ে উঠলেও শশী-কুসুমের পারস্পরিক মোহের আকর্ষণ যেমন ছিল, তেমনই তাদের বাস্তবের মাটিতে নিঃসঙ্গ যাপনের আয়োজন প্রকট হয়ে ওঠে। সেদিক থেকে শশী-কুসুমের প্রেমে বিচ্ছিন্নতাবোধ তীব্রতা লাভ করে, আবার তারা ‘ছোটবাবু’ ও ‘পরাণের বৌ’ হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *