পারিবারিক সমস্যায় ডার্বির আগে ব্রাজিলে ফিরলেন মিগুয়েল

ডার্বির আগে মোহনবাগানের পরিকল্পনায় বড়সড় পরিবর্তন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না ব্রাজিলীয় তারকা মিগুয়েল ফিগুয়েরাকে। পারিবারিক কারণে শনিবার আচমকাই ব্রাজিলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। ফলে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও বড় ম্যাচে তাঁর মাঠে নামা হচ্ছে না। মিগুয়েলের এই অনুপস্থিতিতে নতুন করে প্রথম একাদশ সাজানোর ভাবনা শুরু করতে হচ্ছে মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসকে।
ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই খুব একটা স্বস্তিতে নেই মিগুয়েল। কখনও চোট, কখনও ফিটনেসের সমস্যা— বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর স্বাভাবিক ছন্দে ফেরা। সবুজ-মেরুন জার্সিতে কয়েকটি ম্যাচে মাঠে নেমে গোল করলেও প্রত্যাশিত পারফরম্যান্স এখনও দেখাতে পারেননি তিনি। এমনকী, এখনও পর্যন্ত কোনও ম্যাচেই টানা ৯০ মিনিট খেলার মতো জায়গায় পৌঁছতে পারেননি ব্রাজিলীয় মিডিও।
চোটের কারণে শেষ চারটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন মিগুয়েল। সম্প্রতি অনুশীলনে ফিরে টানা দু’দিন পুরোদমে প্রস্তুতি সেরেছিলেন। তাই ডার্বিতেই তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচের আগের দিন পারিবারিক কারণে ব্রাজিলে ফিরে যাওয়ায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হল। মিগুয়েলের পরিবারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোচ দিলেমপেরিস। সাংবাদিক বৈঠকে তিনি ব্রাজিলীয় তারকার পরিবারের জন্য প্রার্থনাও করেছেন।
অবশ্য মিগুয়েল না থাকলেও মোহনবাগানের আক্রমণভাগে বিকল্প রয়েছে। সাম্প্রতিক ম্যাচগুলিতে তাঁকে ছাড়াই জয় পেয়েছে দল। গত ম্যাচে চোট কাটিয়ে ফিরেছেন জেমি ম্যাকলারেন। পুরো ম্যাচ না খেললেও চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মোহনবাগানের দুই গোলের পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ম্যাকলারেন মাঠ ছাড়ার পরই বরং চাপ বেড়েছিল দলের উপর।
এই পরিস্থিতিতে দ্রাজিচ, জেলকোভিচ, ম্যাকলারেন ও আলবার্তোকে নিয়ে আক্রমণ সাজাতে পারেন প্যানোস। বড় ম্যাচের আগে মিগুয়েলের ব্রাজিল যাত্রা তাই মোহনবাগানের প্রস্তুতিতে নতুন সমীকরণ তৈরি করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *