নয়াদিল্লি : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে-কে ১৪ দিনের জন্য সিবিআই-এর হেফাজতে পাঠালো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। রবিবার সকালে মনীষা মান্ধারেকে সিবিআই বিচারকের সামনে হাজির করার জন্য রাউস অ্যাভিনিউ আদালতে নিয়ে আসে সিবিআই। সিবিআই-এর পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদের পর এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত, পুনের সিনিয়র উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মনীষা গুরুনাথ মান্ধারেকে গ্রেফতার করা হয়।
রবিবার তাঁকে আদালতে পেশ করা হলে, মনীষাকে ১৪ দিনের জন্য সিবিআই-এর হেফাজতে পাঠিয়েছেন বিচারপতি। সিবিআই এদিন আদালতে জানিয়েছে, এনটিএ-র পুরো প্রক্রিয়াটি তদন্তাধীন রয়েছে। মনীষা ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও টাকা নিয়েছিলেন বলে দাবি করে সিবিআই।
তাই বিষয়টি তদন্ত করা প্রয়োজন। অন্যদিকে, অভিযুক্তের বাড়ি থেকে কিছুই উদ্ধার করা হয়নি বলে মনীষার আইনজীবী দাবি করেন। আইনজীবী বলেন, তিনি ২ বার তদন্তে যোগ দিয়েছেন। তিনি ৩ দিন হেফাজতে ছিলেন। মথুরার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

