কমনওয়েলথে সোনা হাতছাড়া নীরজের!

কমনওয়েলথ গেমসে এ বারও সোনা জিততে পারলেন না নীরজ চোপড়া। একটা সময় শীর্ষে থেকেও সোনা হাতছাড়া হল তাঁর। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। একটি থ্রোয়েই বাজিমাত করে সোনা জিতে নিলেন শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে। ৮৯.৭৫ মিটার ছুড়ে সোনা জিতেছেন তিনি। নীরজের সেরা থ্রো ৮৫.৮৩ মিটার। শেষের দিকে ৮৫ মিটারেরও বেশি ছুড়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের যশবীর সিংহ।

নীরজ সোনা হাতছাড়া করলেও জ্যাভলিনে ভারতের ভবিষ্যৎ যে উজ্জ্বল তা বুঝিয়ে দিল কমনওয়েলথ গেমস। প্রথম রাউন্ডের শেষে যে আট জন চূড়ান্ত রাউন্ডের যোগ্যতা অর্জন করলেন, তার মধ্যে তিন জনই ভারতীয়। আর কোনও দেশের থেকে এক জনের বেশি ছিলেন না। জ্যাভলিনে নীরজ ছাড়াও যশবীর এবং রোহিত যাদব অংশগ্রহণ করেছিলেন। তিন জনেই ৮০ মিটারের বেশি ছুড়ে চূড়ান্ত রাউন্ডের যোগ্যতা অর্জন করেন। যশবীর শেষ থ্রোয়ে ৮৫.৪১ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতে সকলকে চমকে দিয়েছেন।

গ্লাসগোর স্কটসটাউন স্টেডিয়ামে এ দিন আবহাওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে ছিল। প্রবল হাওয়া দিচ্ছিল খোলা স্টেডিয়ামের চারদিক থেকে। জ্যাভলিন ছুড়তে হচ্ছিল হাওয়ার বিপরীত দিকে। ফলে প্রত্যাশিত ফল পাচ্ছিলেন না ক্রীড়াবিদেরা। তার উপর ঠান্ডাও ছিল প্রচণ্ড। জ্যাভলিন ছোড়ার পরেই খেলোয়াড়েরা মোটা জ্যাকেট পরে নিচ্ছিলেন। নীরজকেও ঠান্ডায় কাঁপতে দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =