নেপালে বিপর্যয়ের ১১ দিন পরও নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা

কলকাতা : নেপালে বিপর্যয়ের ১১ দিন পরেও খোঁজ মিলল না প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায় ভৌমিকের। সময় যত গড়াচ্ছে, পরিবারের দুশ্চিন্তা ততই বাড়ছে| উল্লেখ্য, শর্মিষ্ঠা গত ২১ আগস্ট ৩২ জনের একটি দলের সঙ্গে নেপাল ভ্রমণে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর তিনি স্বামী, সন্তান ও মায়ের সঙ্গে নিয়মিত ফোন ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখছিলেন। রবিবার পরিবার সূত্রে জানা গেছে, বন্যার পর হঠাৎ করেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে প্রতিনিয়ত তাঁর সন্ধান চালানো হলেও এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি।

শর্মিষ্ঠার দুই সন্তান ১০ বছরের ছেলে এবং ১৬ বছরের মেয়ে দিন গুনছে মায়ের অপেক্ষায়। দুই সন্তানকে দেখভালের দায়িত্ব এখন মুকুল-পুত্র তথা শর্মিষ্ঠা র স্বামী শুভ্রাংশু রায়ের ওপরেই বর্তেছে। প্রসঙ্গত, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হলেও শর্মিষ্ঠা নিজেকে বরাবর রাজনীতির গোচর থেকে দূরে রাখতেই পছন্দ করতেন। সংসার, ছেলেমেয়েদের পড়াশোনা ও নিজস্ব কাজের মধ্যেই কাটত তাঁর অধিকাংশ সময়।

এছাড়া তাঁর পরিবারের নিজস্ব স্কুল, পলিক্লিনিক এবং চক্ষু পরীক্ষা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আবার, শর্মিষ্ঠার ভ্রমণেরও খুব শখ ছিল। প্রায় বছর দেড়েক আগে তিনি দুই সন্তানকে নিয়ে লাদাখ ভ্রমণে গিয়েছিলেন তিনি। নেপাল সফর শেষেও সন্তানদের নিয়ে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু নেপালে প্রাকৃতিক বিপর্যয়ের পরেই পরিবারের সঙ্গে তাঁর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইতিমধ্যেই ১১ দিন পেরিয়েছে| একদিকে, তাঁর নিরাপদে ফিরে আসার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হতে শুরু করেছে। আবার, অলৌকিকভাবে ভালো খবরের আশাতেও প্রহর গুনছে তাঁর পরিবার-পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =