আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল মোহনবাগানের। তবে তা কেবল খাতায় কলমে। এর প্রমাণ মিলেছে শেষ কয়েকটি ম্যাচেই৷ মঙ্গলবার ইন্টার কাশীর বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পয়েন্ট নষ্ট করল সের্জিও লোবেরা বাহিনী। ডার্বির আগে চাপে বাগান শিবির।
এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ করছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে ফিনিশিং লাইনে এসে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্টার কাশীর ডিফেন্স লাইন। মাত্র ২৪ ঘণ্টা আগে পদত্যাগ করেছেন ইন্টার কাশী কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। কোচের দায়িত্বে এখন ইস্টবেঙ্গলের প্রাক্তনী অভিজিৎ মণ্ডল। প্রথমার্ধে কিছুটা আক্রমণের চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধে একপ্রকার নিজেদের অর্ধেই খেলা চালিয়ে যায় ইন্টার কাশীর ফুটবলাররা। মোহনবাগানকে আটকে যে কোনও প্রকারেই এক পয়েন্ট নেওয়াই উদ্দেশ্য ছিল কাশীর। সেই উদ্দেশ্যে সফল তারা। মোহনবাগান এদিন নেমেছিল ম্যাকলারেন, আপুইয়া, লিস্টনদের বাইরে রেখেই। ফলে ফাইনাল থার্ডে সেইভাবে জোরালো সুযোগ তৈরি হল না। ছন্নছাড়া ফুটবল খেললেন জেসন কামিংসরা। সেক্ষেত্রে আইএসএলের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে ডার্বির ফলাফলেই। বহুদিন বাদে আইএসএল জয়ের লড়াইয়ে কলকাতার দুই প্রধান। সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার একই পুনরাবৃত্তি মোহনবাগানেরও। এই পরিস্থিতিতে লিগ জিততে হলে ডার্বি-সহ দুই ম্যাচ জিততেই হবে সবুজ-মেরুনকে। আর ইস্টবেঙ্গল ডার্বি ড্র করে শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে।

