কিয়ানের হ্যাটট্রিকে জয়ে ফিরল মোহনবাগান 

কলকাতা লিগে টানা দু’টি ম্যাচ হেরেছে মোহনবাগান। সুপার সিক্সে যাওয়ার রাস্তা হয়েছে কঠিন। সেই চাপ কিছুটা কাটল। কিয়ান নাসিরির হ্যাটট্রিকে বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে বিধাননগর এমএস-কে ৩-০ গোলে হারাল মোহনবাগান। এই জয়ে কিছুটা স্বস্তিতে বাস্তব মোহনবাগান। এই ম্যাচে জয় না পেলে আরও সমস্যায় পড়ত বাগান শিবির। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে মোহনবাগান। প্রথম মিনিটেই গোল করার মতো সুযোগ করে ফেলেছিল। যদিও অফসাইডের কারণে সেই আক্রমণ থেকে গোল হয়নি। বিধাননগর অ্যাকাডেমির ছেলেরাও বেশ কয়েক বার আক্রমণে উঠে লড়াই দিয়েছিল। তবে মোহনবাগান রক্ষণ জমাট বেধেছিল। ম্যাচের ১০ মিনিটে বাঁ দিক থেকে রবিলাল মাণ্ডির ক্রস ঠিক জায়গায় পৌঁছলে গোল হতে পারত। তবে মোহনবাগান প্রথম গোল করে এর চার মিনিট পরেই। সুহেল ভাটের পাস থেকে গোল করে ডেডলক ভাঙেন কিয়ান নাসিরি। ১৭ মিনিটে সন্দীপ মালিকের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। দু’মিনিট পর সুহেলের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ২০ মিনিটের মাথায় একক দক্ষতায় বিধাননগরের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন বিভানজ্যোতি লস্কর। কিন্তু ফিনিশিং করতে না পারায় সুযোগ নষ্ট হয়। এর পর কিয়ান এবং সুহেলও সহজ দু’টি সুযোগ নষ্ট করেন। ৩১ মিনিটের মাথায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের বাড়ানো বলে কিয়ানের জোরালো শট বাঁচিয়ে দেন বিধাননগরের গোলকিপার। সাত মিনিট পর বিধাননগরের এক ফুটবলারের শট রুখে দেন মোহনবাগানের গোলকিপার। প্রথমার্ধ শেষের কিছুক্ষণ আগে সায়নের শট পোস্টে লাগে। অল্পের জন্য গোল করতে পারেননি তন্ময় ঘোষও। তবে প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে বিভানের বাড়ানো বল থেকে গোল করেন কিয়ান৷ এরপর ৬৫ মিনিটে হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করে দেন কিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fifteen =