জামশেদপুরকে টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছেছে মোহনবাগান। শিলংয়ে নর্থইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে খেলতে যাবে কোচ পানোসের দল। বুধবার সকালের বিমানে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে সবুজ-মেরুন ব্রিগেড। গোটা দল একটি বিমানে গেলেও, বাকি তিনজন সদস্য অন্য বিমানে রওনা দেবেন। পাহাড়ে যাওয়ার আগে একাধিক সমস্যার সম্মুখীন বাগান ম্যানেজমেন্ট। শিলংয়ে সঠিক সময়ে অনুশীলনের মাঠ না পাওয়া, ফ্লাডলাইটে অনুশীলন করতে পারবে না মোহনবাগান দল। সন্ধ্যা সাতটায় সেমিফাইনাল ম্যাচ, সেই সময়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও বড় চ্যালেঞ্জ হবে লিস্টন-মনবীরদের।
এদিকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে দলের পারফরম্যান্স থেকে শুরু করে রেফারিং এবং ঠাসা ক্রীড়াসূচি— সবকিছু নিয়েই ক্ষোভ প্রকাশ করে গিয়েছিলেন মোহনবাগান কোচ প্যানাজিওটিস ডিলমপেরিস। সোমবার মোহনবাগান জিতলেও আসন্ন ডুরান্ড সেমি ফাইনালের আগে ফুটবলারদের ভুলভ্রান্তি শুধরে নিতে মরিয়া তিনি। তবে মাঠে রেফারির ভূমিকা নিয়ে তিনি নিজের হতাশা গোপন করেননি।
জামশেদপুর এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর সাংবাদিক সম্মেলনে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়ে প্যানাজিওটিস বলেন, “কী বলছি তা নিয়ে আমার সতর্ক হওয়া উচিত, কিন্তু তিনটে পরিষ্কার পেনাল্টির পরিস্থিতি ছিল। সমস্ত ফিফটি-ফিফটি সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে। শেষ পেনাল্টির সময় অভিষেক সিং আমার কাছে গিয়ে জিজ্ঞেস করেন তিনি শিনগার্ড পরবেন কিনা! এটা কী ধরনের আচরণ?”
টুর্নামেন্টের সূচি নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “গ্রুপে আমরা প্রথম দল ছিলাম, অথচ আমাদের সূচি সবচেয়ে খারাপ। জানি না কেন এমন হচ্ছে।” এদিন মোহনবাগান মাঠে অনুশীলন করলেন মিগুয়েল, ছাংতেরা। খেলার সম্ভাবনা রয়েছে ছাংতের। দেজান দ্রাজিচের চোট থাকায় তিনি রিজার্ভ বেঞ্চে থাকতে পারেন।

