দীর্ঘদিন বাদে বারাসাত স্টেডিয়ামে ফিরেছে কলকাতা লিগের ম্যাচ। শুক্রবার বারাসাত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব। শনিবার এই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব ও কলকাতা পুলিশ। ২-০ গোলে পুলিশকে হারাল সাদা-কালো ব্রিগেড। দুটি গোল করেছেন ফারদিন আলি মোল্লা ও লালথানকিমা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মহামেডান স্পোর্টিংয়ের ছেলেরা। অন্যদিকে অনভিজ্ঞ ছেলেদের নিয়ে কলকাতা পুলিশ বড় দলের বিরুদ্ধে তেমন লড়াই দিতে পারল না। ম্যাচের ১৯ মিনিটে মহামেডান স্পোর্টিংকে গোল করে এগিয়ে দেন ফারদিন আলি মোল্লা। অ্যাডিসন সিং-এর দুর্দান্ত পাস থেকে বল বারে লেগে জালে জড়িয়ে যায়। বক্সের ভিতরে চকিতে ঢুকে ঘুরে গিয়ে শট নেন ফারদিন। ২৩ মিনিটে ইসরাফিল দেওয়ান সহজ সুযোগ নষ্ট করেন। ২৫ পুলিশ সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিল, বাঁচিয়ে দেন মহামেডানের গোলকিপার শুভদীপ পন্ডিত। ৫১ মিনিটে লালনগাইসাকা গোল উদ্দেশ্য করে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৬১ মিনিটে আবারও সুযোগ পায় মহামেডান, অ্যাডিসনের পাস পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ রেমসঙ্গা। ৭২ মিনিটে সাকার বাড়ানো থ্রু পাস থেকে লালথানকিমা গোল করে ব্যবধান ২-০ করেন। ঘরের মাঠ নাহলেও বারাসাত স্টেডিয়ামে মহামেডান সমর্থকরা এসেছিলেন প্রচুর সংখ্যায়। ম্যাচ শেষে হাসিমুখেই বাড়ি ফিরলেন তারা।

