কলকাতা : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নাম ঘোষণা করেন। এতদিন তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন।
১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ আগরওয়াল আইআইটি কানপুরের প্রাক্তনী। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনের একাংশ। সেই কারণেই তাঁকে নবান্নের শীর্ষ প্রশাসনিক দায়িত্বে আনা হয়েছে বলে সূত্রের দাবি।
ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশে দুষ্মন্ত নারিয়ালাকে অন্তর্বর্তী মুখ্যসচিব করা হয়েছিল। সরকার গঠনের পর স্থায়ী দায়িত্ব দেওয়া হল মনোজকে।
আগামী ৩১ জুলাই তাঁর অবসরের কথা থাকলেও প্রশাসনিক মহলে জল্পনা, নতুন সরকার প্রয়োজন হলে তাঁর মেয়াদ বাড়াতে পারে। কারণ, সরকার এখন অভিজ্ঞ এবং নির্বাচনী পরিস্থিতি সামলাতে সক্ষম আমলাদেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখতে চাইছে।
নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরাসরি নবান্নের প্রশাসনিক প্রধান পদে মনোজের আসা নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকারের ইঙ্গিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

