পূর্ব বর্ধমান : রবিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর সমর্থনে এই সভা হয়। সেখানে বিজেপিকে তোপ দেবেন মমতা| বলেন, পরশু দিন (শুক্রবার) লোকসভায় মুখ পুড়েছে। ভোটে হেরে গিয়েছেন। এখন কেঁদেকেঁদে মুখরক্ষা করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, মুখে মহিলাদের কথা বলা হলেও কেন্দ্রের মনে ময়লা আছে।
আর তাদের সেই উদ্দেশ্য ধরা পড়তেই বিরোধীরা একজোট হয়ে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালে পাশ হওয়া নারী সংরক্ষণ বিল কেন কার্যকর হল না, সেই প্রশ্নও তোলেন তিনি। মন্তেশ্বরের সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ধর্মগ্রন্থ ছুঁইয়ে বিজেপি শপথ করাচ্ছে, তাদের ভোট দেওয়ার জন্য।
এদিকে, মন্তেশ্বরে দলের নির্বাচনী জনসভা থেকে এলাকার তৃণমূল নেতা আহমেদ হোসেন শেখকে বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গেছে, মন্তেশ্বরের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে দ্বন্দ্ব রয়েছে আহমেদের। সিদ্দিকুল্লাকে দল টিকিট দেওয়ায় আহমেদ ও তাঁর অনুগামীরা মন্তেশ্বরে প্রচারে নামেননি। এ দিন মমতার সভাতেও আসেননি তাঁরা। নাম না করে মমতা বলেন, এত সাহস, আমার সভাতেও আসেনি। বিজেপিকে সাহায্য করবে| দলের হয়ে না নামলে তাড়িয়ে দেব।

