নয়াদিল্লি : ভারতীয় সেনাবাহিনীতে ‘অগ্নিবীর’ নিয়োগ প্রকল্পের নিয়মে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণি। বুধবার দিল্লিতে এক বিশেষ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা সমস্ত অগ্নিবীরদের ভারতীয় সশস্ত্র বাহিনীতে স্থায়ীভাবে অন্তর্ভুক্তির জন্য একটি নতুন ও যুগান্তকারী পথ তৈরি করেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, চার বছরের মেয়াদ শেষে যে ৭৫ শতাংশ অগ্নিবীরের চাকরি থেকে অব্যাহতি পাওয়ার কথা ছিল, তাঁদের আরও দুই বছরের অতিরিক্ত কাজের মেয়াদ (এনগেজমেন্ট পিরিয়ড) দেওয়া হবে। এই অতিরিক্ত মেয়াদ সম্পূর্ণ করার পর আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে সেনাবাহিনীতে নিয়মিত জওয়ান হিসেবে স্থায়ী অন্তর্ভুক্তির সুযোগ পাবেন।
সিডিএস জেনারেল এন এস রাজা সুব্রহ্মণি বলেন, “আজকের দিনটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এবং আমাদের ‘অগ্নিবীর’-দের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আপনারা জানেন যে ২০২২ সালের ১৪ জুন ‘অগ্নিপথ’ প্রকল্প চালু করা হয়েছিল। সেই সময় থেকেই জানানো হয়েছিল যে অগ্নিবীরদের কর্মক্ষমতা নিয়মিত মূল্যায়ন করা হবে এবং নির্দিষ্ট সময় অন্তর প্রকল্পের পর্যালোচনা চলবে। বর্তমানে অগ্নিবীরদের প্রথম ব্যাচ তাদের চার বছরের মেয়াদ পূর্ণ করার কাছাকাছি পৌঁছেছে। গত চার বছর ধরে পরিচালিত মূল্যায়নের ভিত্তিতে তাঁদের কার্যকারিতা ও পারফরম্যান্স নিয়ে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে।”
তিনি প্রকল্পের মূল রূপরেখা ব্যাখ্যা করে জানান, পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী মেধার ভিত্তিতে ২৫ শতাংশ অগ্নিবীরকে সরাসরি নিয়মিত সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। বাকি যে ৭৫ শতাংশ জওয়ানের চার বছর পর সুশৃঙ্খল ও অনুপ্রাণিত নাগরিক হিসেবে সমাজে ফিরে যাওয়ার কথা ছিল, সংশোধিত কাঠামোর আওতায় তাঁদের সকলকে আরও দুই বছরের বাড়তি চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। এই বর্ধিত দুই বছরের মেয়াদ শেষে আগ্রহী সমস্ত অগ্নিবীরকে নিরপেক্ষ ও নির্দিষ্ট নির্বাচনী মানদণ্ডের ভিত্তিতে ভারতীয় সশস্ত্র বাহিনীতে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। কেন্দ্রের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অগ্নিবীরদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

