‘মাও ব্রিগেড’-এ বড় ধাক্কা, শালবনিতে মাওবাদী দম্পতি মঙ্গল ও মালতি আটক

পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরে সক্রিয় মাওবাদী নেটওয়ার্কের বিরুদ্ধে বড়সড় সাফল্যের দাবি পুলিশের। শনিবার দুপুরে শালবনি থানার সরবেড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাওবাদী দম্পতি পতিত মাহাতো ওরফে পাপ্পু, মঙ্গল, সমীর, পাণ্ডে এবং তাঁর স্ত্রী মালিনা মুর্মু ওরফে মালতি, মালাকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। তবে রবিবার সকাল পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায়নি, তাঁদের গ্রেফতার করা হয়েছে নাকি তাঁরা আত্মসমর্পণ করেছেন।

সূত্রের খবর, সম্প্রতি মাওবাদী আকাশ মণ্ডল গ্রেফতার হওয়ার পর মঙ্গল ও মালতি জঙ্গলে অস্ত্র রেখে এক গ্রেফতার হওয়া সঙ্গীর আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার রঞ্জা গ্রামের বাসিন্দা পতিত মাহাতো নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সাব-জোনাল কমিটির সদস্য। সংগঠনে তিনি সশস্ত্র সদস্য হিসেবে সক্রিয় ছিলেন বলে দাবি। ঝাড়খণ্ড পুলিশের তরফে তাঁর মাথার দাম পাঁচ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল।

অন্যদিকে, মালিনা মুর্মু ঝাড়গ্রামের বেলপাহাড়ির পাথরনাশা গ্রামের বাসিন্দা। তিনি মাওবাদীদের এরিয়া কমিটির সদস্য ছিলেন বলে পুলিশ সূত্রের দাবি। তাঁর মাথার দাম ছিল দুই লক্ষ টাকা। জানা যায়, জঙ্গলে সশস্ত্র অবস্থায় মঙ্গলের কাছে একে-৪৭ এবং মালতির কাছে ইনসাস রাইফেল থাকত। তাঁদের আটক হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের নিরাপত্তা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + ten =