কালীগঞ্জে বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র

কলকাতা : নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দলীয় কার্যালয়ে বৈঠক করতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। দেওয়া হয় গো ব্যাক স্লোগান, সঙ্গে ওঠে চোর স্লোগানও। তাঁর অভিযোগ, একের পর এক ডিম-সহ বিভিন্ন জিনিস ছোড়া হয়। তাঁর গায়েও লেগেছে ডিম। সেই ঘটনার ভিডিও শেয়ার করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন সাংসদ মহুয়া।

জানা গিয়েছে, কালীগঞ্জের একটি দলীয় কার্যালয়ে সংগঠনের কর্মসূচিতে এদিন যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেই সময় আচমকাই কার্যালয়ের বাইরে একদল মহিলা ও পুরুষ জড়ো হন। মহুয়ার অভিযোগ, ওই বিক্ষোভকারীরা বিজেপির সমর্থক ছিলেন। তাঁদের অনেকের হাতেই ডিম ছিল বলেও দাবি করেছেন তিনি। অভিযোগ, কর্মসূচি চলাকালীন দলীয় কার্যালয় লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সেই সময় বাইরে থেকে স্লোগানও দেওয়া হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =