মুম্বই : স্বামী অজিত পওয়ারের মৃত্যুর তিন দিনের মাথাতেই দলীয় সংগঠন, পরিষদীয় নেতৃত্ব এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রিত্বের গুরুদায়িত্ব এল সুনেত্রা পওয়ারের কাঁধে। শনিবার দুপুরে মহারাষ্ট্রের সদ্যপ্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত হলেন। বিকেল ৫টায় সে রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে মন্ত্রগুপ্তির শপথ নিলেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সুনেত্রাকে আনুষ্ঠানিক ভাবে নেতা নির্বাচিত করার জন্য শনিবার সকালেই এনসিপি পরিষদয়ীয় দলে বৈঠক ডাকা হয়। বৈঠকে যোগ দিতে মুম্বইয়ে পৌঁছন এনসিপির বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যেরা।
বিধানসভা ভবনে আয়োজিত বৈঠকে সর্বসম্মত ভাবে পরিষদীয় দলনেত্রা নির্বাচিত হন তিনি। সুনেত্রা বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। ফলে উপমুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব নেওয়ায় বিধানসভা অথবা বিধান পরিষদের উপনির্বাচনে জিততে হবে।

