প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রায়গঞ্জের অভিরূপ ভদ্র

কলকাতা : ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মাথায় শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করল। সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, চলতি বছরে পাশের হার ৮২.৮৩ শতাংশ। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজারেরও বেশি।

এবারের মাধ্যমিকে নজর কেড়েছে উত্তর দিনাজপুর। ৬৯৮ নম্বর (৯৯.৭১ শতাংশ) পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অভিরূপ ভদ্র। এ বছর মেধাতালিকায় মোট ১৩১ জন স্থান পেয়েছেন, যাঁরা রাজ্যের ১৯টি জেলার ৮৩টি স্কুলের পড়ুয়া।

পাশের হারের নিরিখে এ বছর জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থান দখল করেছে কলকাতা।

পর্ষদ সভাপতি জানান, ছাত্র-ছাত্রীরা আজ থেকেই পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তাঁদের ফলাফল জানতে পারছেন। স্কুলগুলি থেকেও নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট ও সার্টিফিকেট বিলির প্রক্রিয়া শুরু করা হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক ছাত্রের এই সাফল্যে খুশির হাওয়া স্কুল ও জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seventeen =