লাভলিনার ইতিহাস,এশিয়াডে ২৫ মিনিটে তিন সোনা, বক্সিংয়ে পারভিন-অঙ্কুশের পর কুস্তিতে সুজিত

এশিয়ান গেমসে দারুণ সাফল্য ভারতের। মাত্র ২৫ মিনিটের মধ্যে বক্সিং ও কুস্তি মিলিয়ে তিনটি সোনা জিতল ভারত। বক্সিংয়ে মহিলাদের ৬৫ কেজি বিভাগে পারভিন হুডা এবং ছেলেদের ৮০ কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘাল সোনা জিতেছেন। এর পর ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ভারতের সোনার সংখ্যা আরও বাড়িয়ে দেন সুজিত কলখল। লভলিনা বরগোঁহাইয়ের সোনার পর বক্সিংয়ে ভারতের সোনার সংখ্যা বেড়ে হল ৩। সব মিলিয়ে নাগোয়া এশিয়ান গেমসে ভারতের সোনা এখন ১৫টি।

পারভিনের লড়াই ছিল সবচেয়ে কঠিন। ফাইনালে তাঁর সামনে ছিলেন চাইনিজ তাইপের অলিম্পিক্স পদকজয়ী চেন নিয়েন চিন। প্রথম রাউন্ডে এগিয়ে যান পারভিন। দ্বিতীয় রাউন্ডে পাল্টা আক্রমণে ম্যাচে ফেরেন চেন। ফলে শেষ রাউন্ডে জমে ওঠে লড়াই। দুই বক্সারই মরিয়া হয়ে আক্রমণ চালান। শেষ পর্যন্ত ৫ বিচারকের মধ্যে ৩ জন পারভিনের পক্ষে রায় দেন। বাকি ২ জন তৃতীয় রাউন্ডে চেনকে এগিয়ে রাখেন। প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে থাকায় ৩-২ ব্যবধানে জয় পান ভারতীয় বক্সার।

অঙ্কুশকে অবশ্য ফাইনালে অতটা কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি। দক্ষিণ কোরিয়ার কিম মিনসেয়ঙের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখান তিনি। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে কিম বার বার পয়েন্ট হারান। সেই সুযোগ কাজে লাগিয়ে অঙ্কুশ এগিয়ে যান এবং শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন।

এর পর কুস্তির মঞ্চে ভারতের হয়ে সোনা এনে দেন সুজিত। তাজিকিস্তানের কুদিয়েভ আব্দুলমজিদের বিরুদ্ধে শুরুটা একেবারেই ভালো হয়নি তাঁর। প্রথম রাউন্ডে ২-৯ ব্যবধানে পিছিয়ে পড়েন ভারতীয় কুস্তিগির। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পুরো ছবিটাই বদলে দেন সুজিত। আক্রমণাত্মক কুস্তিতে তাজিক প্রতিপক্ষকে চাপে ফেলে দেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ৮-০ ব্যবধানে জিতে শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে ম্যাচ নিজের নামে করেন সুজিত।

এদিকে সেপাকটাকরোয় ব্রোঞ্জ পেয়েছে ভারত। ছেলেদের দলগত বিভাগে সেমিফাইনালে জাপানের কাছে ০-২ সেটে হেরে যায় ভারতীয় দল। দুই সেটের ফল ছিল ১২-১৫ এবং ১৩-১৫। ফলে সোনা বা রুপোর লড়াই থেকে ছিটকে গিয়ে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 8 =