নিরাপত্তা কমানোর প্রতিবাদে সরকারি বাসভবন থেকে নিরাপত্তারক্ষীদের ফিরিয়ে দিলেন লালু-রাবড়ী

পাটনা : নিরাপত্তা ব্যবস্থায় কাটছাঁটের প্রতিবাদে সরকারি বাসভবনে মোতায়েন থাকা সমস্ত নিরাপত্তারক্ষীকে ফিরিয়ে দিলেন আরজেডি-র প্রধান লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী, বিহার বিধান পরিষদে বিরোধী দলনেত্রী রাবড়ী দেবী। এই ঘটনার পর তাঁদের সরকারি বাসভবনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা কার্যত শূন্য হয়ে যায়।

সূত্রের খবর, লালু প্রসাদ যাদব ও রাবড়ী দেবী নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের বাসভবন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। এরপর নিরাপত্তারক্ষীরা নিজেদের ব্যারাকে ফিরে যান। মূল প্রবেশদ্বার থেকেও নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণত যেখানে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি দেখা যায়, সেখানে এখন কার্যত সুনসান পরিবেশ।

আরজেডির মুখ্য মুখপাত্র শক্তি সিং যাদব এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁর দাবি, নিরাপত্তা কমানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দু’দিন আগে বিহার সরকার বিভিন্ন ভিআইপি ব্যক্তির নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করে। সেই পর্যালোচনার ভিত্তিতে লালু পরিবারের কয়েকজন সদস্যের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। তবে বিরোধী দলনেতা তেজস্বী যাদব-এর নিরাপত্তায় কোনও পরিবর্তন করা হয়নি।

নতুন ব্যবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে লালু প্রসাদ যাদব নির্ধারিত নিরাপত্তা সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে হাউস গার্ড, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, পাইলট গাড়ি, এসকর্ট এবং বুলেটপ্রুফ গাড়ির সুবিধা। একইভাবে রাবড়ী দেবীর জন্যও নারী ও পুরুষ নিরাপত্তারক্ষী, পাইলট ও এসকর্ট গাড়ি এবং বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা বহাল রাখা হয়েছে। তবে আগের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।

নিরাপত্তা হ্রাসের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিহারের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। লালু পরিবার এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী নেয়, সেদিকে নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 14 =