ভোটের শেষে রণক্ষেত্র খয়রাশোল :  ইভিএম বিভ্রাট ঘিরে ধুন্ধুমার, ইটবৃষ্টিতে জখম ৬ জওয়ান, পরিস্থিতি সামাল দিতে পিস্তল বের করল পুলিশ

বীরভূম  : ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ যখন শেষের পথে, ঠিক তখনই অগ্নিগর্ভ হয়ে উঠল বীরভূমের খয়রাশোল। ইভিএমে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে খয়রাশোল ব্লকের বুধপুর গ্রাম কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় কমপক্ষে আহত ছয়জন জওয়ান। আহত ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ। এমনকী বন্দুক বার করে ভোটারদের ভয় দেখাতে বাধ্য হন পুলিশ কর্মীরা।

ঘটনার সূত্রপাত খয়রাশোলের ৬৫ নম্বর বুথে। স্থানীয় ভোটারদের অভিযোগ, ইভিএমে তৃণমূলের প্রতীকে বোতাম টিপলে ভোট পড়ছে বিজেপি প্রার্থীর পক্ষে। দুপুর থেকেই এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াচ্ছিল। বিকেল গড়াতেই সেই ক্ষোভ আছড়ে পড়ে বুথের ভেতর। অভিযোগ, উত্তেজিত জনতা ভোটকর্মীদের ওপর চাপ সৃষ্টি করে ভোটগ্রহণ বন্ধ করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় প্রবল ইটবৃষ্টি। একের পর এক পুলিশের গাড়িতে দেদার ভাঙচুর চালানো হয়। জনতাকে শান্ত করতে বাহিনী লাঠিচার্জ শুরু করলে দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। গ্রামবাসীদের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে খবর। গোটা এলাকা নিমেষের মধ্যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীতে ছেয়ে যায়। উত্তেজনার চরম মুহূর্তে এক পুলিশ আধিকারিককে পিস্তল হাতে জনতাকে সতর্ক করতে দেখা যায়, যা সচরাচর ভোটকেন্দ্রে দেখা যায় না।

শুধু খয়রাশোল নয়, এদিন বীরভূমের মুরারইতেও উত্তেজনা ছড়ায়। মুরারইয়ের গোরসা গ্রামের ৩১ নম্বর বুথে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, কংগ্রেস সমর্থকদের জোর করে জোড়াফুল প্রতীকে ভোট দিতে বাধ্য করছিল তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় ইমাম শেখ ও কবিরুল শেখ নামে দুই কংগ্রেস কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এদিন সকাল থেকে মোটের ওপর শান্তিতে ভোট হলেও বিকেলের পর মুর্শিদাবাদ, কোচবিহার ও বীরভূমে অশান্তির যে আশঙ্কা নির্বাচন কমিশন করেছিল, তা কার্যত সত্যি প্রমাণিত হলো। কুমারগঞ্জ ও লাভপুরেও দফায় দফায় উত্তেজনার খবর মিলেছে। পটাশপুরে বিজেপি কর্মীকে মারধর এবং আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের ঘটনা প্রথম দফার নির্বাচনের ‘শান্তিপূর্ণ’ ছবির গায়ে কালি লেপে দিয়েছে।

আপাতত খয়রাশোলের বুধপুর গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নির্বাচন কমিশন এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 3 =