ফলতায় অজয়পাল শর্মাকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান

দক্ষিণ ২৪ পরগনা : সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে তাঁকে ‘সাবধান’ হতে ‘হুঁশিয়ারি’ দিয়ে গিয়েছিলেন পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। মঙ্গলবার জাহাঙ্গিরের প্রায় সামনাসামনি হল তাঁর কনভয়। দক্ষিণ ২৪ পরগনার ফলতা তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে অজয়পালের কনভয় যাওয়ার সময় উঠল ‘জয় বাংলা’ এবং ‘গো ব্যাক’ স্লোগান। নেতৃত্বে জাহাঙ্গির স্বয়ং। এমনকি, বিক্ষোভের জেরে খানিক ক্ষণের জন্য অজয়পালের কনভয়ের পিছনের দিকে কয়েকটি গাড়িও আটকে গেল। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফলতা বিধানসভার বিভিন্ন এলাকায় রুট মার্চে বেরোন উত্তর প্রদেশের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ আইপিএস অফিসার অজয়পাল শর্মা। খানপাড়া এলাকায় তৃণমূল কার্যালয়ের পাশের একটি পাড়ায় তল্লাশি ও খোঁজখবর সেরে যখন তাঁর কনভয় ফিরছিল, তখনই বাধে বিপত্তি। জাহাঙ্গির খানের নেতৃত্বে তৃণমূল কর্মীরা রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্লোগানের দাপটে পর্যবেক্ষকের কনভয়ের পেছনের কয়েকটি গাড়ি কিছুক্ষণের জন্য থমকেও যায়।

তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাঁদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। শুধু শুধু তৃণমূলের লোকজন থেকে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতে চাইছেন ওই পুলিশ আধিকারিক। তিনি বলেন, ওই পুলিশ পর্যবেক্ষক বিজেপির কথায় চলছেন। শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছেন। এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাচ্ছেন।

ভোটারদের তুলেও নিয়ে যাচ্ছেন বলে শুনেছি। তিনি আরও বলেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মভূমি। জাহাঙ্গিরের জন্মভূমি। এখানকার মানুষকে চমকাতে পারবে না বিজেপি এবং তাদের কথায় চলা কমিশন। মানুষ ঠিক ভোটের দিনে বুঝে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =