শিলিগুড়ি : শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে প্রস্তাবিত ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে। মঙ্গলবার প্রকল্পের নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য মন্ত্রী আনন্দময় বর্মন। মন্ত্রী এদিন নকশালবাড়ির পাট্টারাম মৌজায় প্রায় দুই একর জমির পরিকাঠামো খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নকশালবাড়ির বিডিও প্রণব চট্টোপাধ্যায় এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দীপানঞ্জন মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনিক দলের সঙ্গে মন্ত্রী প্রস্তাবিত স্থানটি ঘুরে দেখেন এবং ইনডোর স্টেডিয়াম সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত ও প্রশাসনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাট্টারাম মৌজাতেই তৈরি হবে এই অত্যাধুনিক ইনডোর স্টেডিয়াম। নকশালবাড়িতে এই স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উন্নতমানের অনুশীলনের সুযোগ পাবেন। এর ফলে ক্রীড়া প্রশিক্ষণের পাশাপাশি নানা ধরণের ইনডোর খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করার মতো সেরা সুযোগ-সুবিধা গড়ে উঠবে।

