কোরিয়াকে পাঁচ গোল, জুনিয়র এশিয়া  কাপ হকির ফাইনালে ভারতের মেয়েরা

জুনিয়র হকি এশিয়া কাপে ফের ইতিহাসের সামনে ভারত। দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার প্রতিযোগিতার ফাইনালে উঠল ভারতের মেয়েরা। এর আগে গত দু’বারের চ্যাম্পিয়ন ভারত এবারও খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে।
সেমিফাইনালে ভারতের জয়ের নায়ক সুপ্রিয়া। একাই তিনটি গোল করেন তিনি। ১৩ মিনিটে মধু সিদারের গোলে এগিয়ে যায় ভারত। এরপর ১৭ ও ২১ মিনিটে পরপর গোল করেন সুপ্রিয়া ও সুখবীর কৌর। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান সুপ্রিয়া। ৪১ মিনিটে জিয়ং জুরির গোলে একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। তবে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে ফের গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সুপ্রিয়া।
২০২৩ সালের ফাইনালেও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মেয়েরা। চলতি প্রতিযোগিতার গ্রুপ পর্বেও কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল ভারত। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শেষ আটে পৌঁছনোর পর কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ১৯-০ গোলে উড়িয়ে দেয় তারা।
শুক্রবার মালয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতের ছেলেরাও। অধিনায়ক আনমোল এক্কা করেছেন জোড়া গোল, একটি গোল সুখবিন্দরের। ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। পাকিস্তানকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কোরিয়া। ফলে দুই বিভাগেই খেতাবের হ্যাটট্রিকের হাতছানি ভারতের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fourteen =