মুম্বই : ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক রয়েছে, দেশবাসীকে আশ্বস্ত করে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, “ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক এবং স্থিতিশীল। তাই, যারা এই পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে বলেন যে সবকিছু ভেঙে পড়ছে, তাদের কথা ভুল।
ভারতীয়দের মধ্যে এমন একটি অংশ আছে যারা খুব দ্রুত আমাদের নিজেদের মানুষের সাফল্য নিয়ে সমালোচনা করতে চায়। এর ফলে একটি হতাশাবাদী, বিদ্বেষমূলক আখ্যান তৈরি হয়, যা একেবারেই ঠিক নয়। এটি ভুল, কারণ এটি ভীতি ছড়ানো। ভারত ভীতি ছড়ানোর ঝুঁকি নিতে পারে না; আমাদের কথা ও কাজের মাধ্যমে আমাদের জনগণকে আস্থা জোগাতে হবে। ভারত একটি শক্তিশালী অর্থনীতি হিসেবেই টিকে থাকবে।”
বৈদেশিক মুদ্রা সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রীর আহ্বানের গুরুত্ব ব্যাখ্যা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “আমাদের প্রেক্ষাপটটি বুঝতে হবে এবং তিনটি ‘এফ’-এর ওপর মনোযোগ দিতে হবে—জ্বালানি, সার এবং বৈদেশিক মুদ্রা।আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ এটি নিয়ে সারাদেশে অনেক আলোচনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী কোন প্রেক্ষাপটে এই আহ্বান জানিয়েছেন, তা আমাদের বুঝতে হবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের উচ্চ ও পরিবর্তনশীল মূল্য, সারের উচ্চ মূল্য এবং সোনার উচ্চ মূল্য—এইসব কারণে বৈদেশিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এই তিনটি ক্ষেত্রেই বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধ করতে হয়। আমাদের প্রেক্ষাপটটি বুঝতে হবে এবং তিনটি ‘এফ’-এর ওপর মনোযোগ দিতে হবে—জ্বালানি, সার এবং বৈদেশিক মুদ্রা।”

