পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। শুক্রবার ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে অভিজ্ঞ অলরাউন্ডার দীপ্তি শর্মা জানিয়ে দিলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ভারত সবসময় এক ধাপ এগিয়ে থেকেছে। শনিবারের ম্যাচেও সেই ধারাই বজায় রাখতে চান তাঁরা।
ইতিমধ্যেই এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে ভারত। গ্রুপ এ-তে ২ ম্যাচে দু’টি দাপুটে জয় নিয়ে শীর্ষে রয়েছে হরমনপ্রীত কৌরের দল। থাইল্যান্ড ও হংকংয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার পাকিস্তানের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে নামবে ভারত। ফলে ম্যাচের ফলাফল নিয়ে চাপ তুলনামূলক কম থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে জয় ধরে রাখাই লক্ষ্য ভারতীয় দলের।
দীপ্তি বলেন, এশিয়া কাপ হোক কিংবা অন্য কোনও প্রতিযোগিতা, পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক ম্যাচগুলিতে ভারতই এগিয়ে থেকেছে। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে দল। তবে প্রতিপক্ষকে হালকা করে দেখার কোনও প্রশ্ন নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। পাকিস্তানের বোলিং আক্রমণ যে যথেষ্ট শক্তিশালী, তা মেনে নিয়ে নিজেদের শক্তির উপরই বেশি জোর দিতে চান ভারতীয় অলরাউন্ডার।
দীপ্তির মতে, ভারতের ব্যাটিং ও বোলিং— দুই বিভাগই এখন বেশ ভারসাম্যপূর্ণ। দলের কোনও ক্রিকেটার যখন ভালো দিন কাটান, তখন তাঁকে সঙ্গ দিয়ে ম্যাচকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই বাকিদের দায়িত্ব। মাঠে ইতিবাচক মানসিকতা ধরে রাখার উপরও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
এশিয়া কাপে এখনও পর্যন্ত বল হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন দীপ্তি। ২ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৬ উইকেট। একইসঙ্গে বাঁহাতি স্পিনার শ্রী চারণী ও লেগস্পিনার প্রেমা রাওয়াতেরও প্রশংসা করেছেন তিনি। চারণীর বল ঘোরানোর ক্ষমতা এবং ব্যাটারদের সমস্যায় ফেলার দক্ষতা নজর কেড়েছে তাঁর। অন্যদিকে, বেশি ম্যাচ না খেলেও সুযোগ পেলেই দলের হয়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিচ্ছেন প্রেমা।
দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তরুণদের পাশে থাকার কথাও জানিয়েছেন দীপ্তি। অনুশীলন থেকে ম্যাচ— সব ক্ষেত্রেই নিজের অভিজ্ঞতা তাঁদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সেই দলগত ঐক্য ও আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় ভারত।

