গিল-ঈশান জুটিতে আফগানদের হারিয়ে সিরিজের সূচনা ভারতের

নিজস্ব প্রতিবেদন: ধরমশালায় ভারত আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি বিঘ্নিত। ধরমশালায় সকাল থেকেই বৃষ্টির আবহাওয়া। বৃষ্টি থামলেও প্রায় সওয়া চার ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। তবে ৫০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। বৃষ্টির জন্য দীর্ঘ সময় নষ্ট হওয়ায় ম্যাচ হয় ২৫ ওভারের। আফগানদের হারিয়ে ৭ উইকেটে জয় পেল শুভমন গিলের ভারত।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গুরনূর ব্রার ও হর্ষ দুবের। দুজনেই নজরকাড়া পারফরম্যান্স করেন। আফগান উইকেটকিপার – ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের দুরন্ত সেঞ্চুরিতে আফগানিস্তান ১৯৪ রান তোলে। তবে সেই রান কাজ এল না। শুভমন গিলের অধিনায়কোচিত ইনিংসে জয় ছিনিয়ে নিল ভারত। শুরু থেকেই রহমানুল্লাহ গুরবাজ আক্রমণ চালিয়ে যায় ভারতীয় বোলারদের উপর। মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করেন। তাঁর ১০২ রানের ঝোড়ো ইনিংসে সাজানো আটটি চার ও আটটি ছক্কায়। এছাড়াও অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি ৩০ বলে ২৭ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই ১৬ বলে ২৬ রানের ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ২০০ রানও তুলতে পারল না আফগানরা।
১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ভালো শুরু করে, সৌজন্যে অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। ৩৯ বছর ৭৫ দিন বয়সে তিনি ভারতের হয়ে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসাবে ওয়ানডে খেলতে নামার নজির গড়েন। এতদিন এই রেকর্ড ছিল মহিন্দর অমরনাথের দখলে। তিনি ১৯৮৯ সালে ৩৯ বছর ৩৬ দিন বয়সে নিজের শেষ ওয়ানডে খেলেছিলেন। তবে সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে খেলার রেকর্ড রয়েছে ঝুলন গোস্বামীর নামে। ৩৯ বছর ৩০৩ দিন বয়সে শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না হিটম্যান। ৬ রান করে রান আউট হন তিনি। এরপর ঈশান কিশানের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক শুভমন গিল। ঈশান ৩৪ রান করেন ও গিল ৮৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সিরিজের প্রথম ম্যাচ সহজেই ৭ উইকেটে জিতে নিল টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =