নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও মরক্কো। ব্রাজিলের জন্য যে এই ম্যাচ একেবারেই সহজ হবে না, তা আগে থেকেই বুঝেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। আর ঠিক তেমনটাই হল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে আটকে গেল ব্রাজিল। পয়েন্ট নষ্ট করলেন ভিনিসিয়াস জুনিয়ররা। নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল।
ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারি গোল করে এগিয়ে দিয়েছিলেন মরক্কোকে। ৩২ মিনিটে সেই গোল শোধ করেন ভিনিসিয়াস। বিশ্বকাপের প্রথম ম্যাচ ব্রাজিলের খেলার দেখে হতাশ সমর্থকরা। নেইমার জুনিয়র এদিন ডাগআউটে বসেই খেলা দেখলেন। এইরকম ফুটবল খেললে ‘মিশন হেক্সা’ তো অনেক দূর গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হতে পারে। যদিও দ্বিতীয়ার্ধে ব্রাজিল বেশ ভালো ফুটবল খেলে। কিন্তু মরক্কোর রক্ষণের কাছে বারবার হার মেনে যান ভিনিসিয়াসরা। কুৎসিত ফুটবল খেললেন মারকুইনহোস, কাসেমিরোরা। অনুশীলনের অভাব ও বোঝাপড়ার অভাব স্পষ্ট। এই সুযতকাজে লাগিয়ে মরক্কোর দুর্দান্ত ফুটবল খেলে। ২১ মিনিটে মরক্কোর ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ব্রাজিলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে দলকে এগিয়ে দেন সাইবারি। গোল খেয়ে কিছুটা নড়েচড়ে বসে ব্রাজিল। বাঁ দিকে প্রায় কর্নার ফ্ল্যাগের কাছে বল পেয়েছিলেন ভিনি। কাট করে ভেতরে ঢুকতে ঢুকতে ডান পায়ের শটে গোল করলেন। এই ড্রয়ের অন্যতম কারণ অবশ্যই ব্রাজিলের রক্ষণ। এবারের বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণ বেশ ভোগাবে। ব্রাজিলের দুই সেন্টার ব্যাক মারকুইনহোস এবং গ্যাব্রিয়েল মাগালহায়েস কিছু দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলেছিলেন। তবে দেশের জার্সিতে খারাপ ফর্মে তারা। কার্লো আনসেলোত্তি এরপর দল নিয়ে কাটাছেঁড়া করতে বাধ্য হবেন। তবে এবার ব্রাজিলের মূল সমস্যা হল স্ট্রাইকারের অভাব। এদিকে গত বারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। আফ্রিকার এই দেশ এবারও বড় চমক দেবে তা বলাই বাহুল্য।

