কালীপুজোতে ভক্তের ঢল কালীঘাট ও তারাপীঠে

কলকাতা : দীপাবলি ও শ্যামাপুজোর পুণ্যলগ্নে ভক্তি, শ্রদ্ধা ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল বাংলার দুই প্রধান সতীপীঠ—কলকাতার কালীঘাট এবং বীরভূমের তারাপীঠ। রবিবার আলোর উৎসব উপলক্ষে সতীপীঠ কালীঘাট মন্দিরে সেবায়েতদের উপস্থিতিতে বিশেষ পুজো ও আরতির আয়োজন করা হয়। অন্যদিকে, সিদ্ধপীঠ তারাপীঠে বিশেষ তান্ত্রিক ও বৈদিক আচার মেনে শুরু হয়েছে মা তারার দীপান্বিতা কালীপুজো।

কলকাতার প্রাচীন সতীপীঠ কালীঘাট মন্দিরে এদিন ভোর থেকেই অগণিত ভক্তের ভিড় জমতে শুরু করে। মন্দিরের সেবায়েতরা তিথি অনুযায়ী দেবী কালিকার বিশেষ অভিষেক, রাজবেশ ও মহাধূপারতির ব্যবস্থা করেন। প্রদীপ ও আলোয় সাজিয়ে তোলা হয় গর্ভগৃহ ও সংলগ্ন চত্বর। ভক্তরা যাতে নির্বিঘ্নে মা কালীর দর্শন ও পুজো দিতে পারেন, তার জন্য পুলিশ ও মন্দির কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

একইভাবে, বীরভূমে সিদ্ধপীঠ তারাপীঠে সকাল থেকেই শুরু হয়েছে কালীপুজোর শাস্ত্রীয় আচার-অনুষ্ঠান। মা তারাকে স্নান করিয়ে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়েছে। দূরদূরান্ত থেকে আসা সাধু-সন্ত ও সাধারণ পুণ্যার্থীরা শ্মশান চত্বর এবং মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন। সন্ধ্যায় বিশেষ নিশিপুজো, পঞ্চমুণ্ডির আসনে হোম ও মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উৎসবের দিনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোটা চত্বর সিসিটিভি ক্যামেরা ও অতিরিক্ত পুলিশ বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =