সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ হাই কোর্টে

কলকাতা : বড়সড় বিপাকে অভিনেতা তথা রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল হাই কোর্ট। সিনেমায় অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ।

একটি ছবিতে অভিনয়ের জন্য টাকা নিয়েও সেই সিনেমা করেননি সোহম চক্রবর্তী। সেই প্রেক্ষিতেই গত জুন মাসে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক প্রযোজক। সেই মামলায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন সোহম। কিন্তু আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল। বুধবার হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে ওঠে সংশ্লিষ্ট মামলা। সেখানেই সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।

প্রযোজক তরুণ দাসের অভিযোগ, ২০১৮ সালে একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন তিনি। ওই ছবিতে মুখ্য চরিত্রে কাজ করার কথা ছিল সোহমের। কাজ করতে রাজি হন তিনি। অভিনয়ের পারিশ্রমিক হিসেবে ধাপে ধাপে মোট ১৫ লক্ষ টাকা নেন সোহম। কিন্তু কাজ শুরু করার আশ্বাস দিয়েও বারবার শ্যুটিং-এর তারিখ বাতিল করতে থাকেন অভিনেতা। দীর্ঘদিন কাজ ঝুলিয়ে রাখেন সোহম, তারপর আর কাজ শেষও করেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তৈরি হয়নি ছবি, প্রযোজক টাকাও ফেরত পাননি। উল্টে টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ প্রযোজক তরুণ দাসের। যদিও এই মামলায় সোহমের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =