মেরঠ : দেশজুড়ে আলোড়ন ফেলা মেরঠের সৌরভ রাজপুত হত্যা মামলায় অভিযুক্ত স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লাকে ফাঁসির সাজা শোনাল আদালত। বুধবার মেরঠের জেলা আদালত এই নৃশংস অপরাধকে ‘বিরলতমের মধ্যে বিরল’ আখ্যা দিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় ঘোষণা করে।
আদালতের রায়ের পর আইনজীবী কৃষ্ণ কুমার দুবে জানান, “আজ আদালত মুসকান ও সাহিল—উভয়কেই অপরাধের গুরুত্ব ও নৃশংসতা বিবেচনা করে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তবে এটি তাদের নিজস্ব বিষয়; তারা চাইলে উচ্চ আদালতে যেতে পারে। ভারতীয় সংবিধানে তাদের সেই আইনি অধিকার রয়েছে। নিজেদের আত্মপক্ষ সমর্থনে তারা প্রথমে হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে।”
উল্লেখ্য, মার্চ মাসে সংঘটিত এই হত্যাকাণ্ডটি কুখ্যাত ‘ব্লু ড্রাম মার্ডার’ নামে পরিচিতি পেয়েছিল। তদন্তে জানা যায়, প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ টুকরো টুকরো করে একটি নীল প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট ও বালি দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত গত ৩০ সেপ্টেম্বর তাঁদের দোষী সাব্যস্ত করেছিল এবং বুধবার চূড়ান্ত সাজা ঘোষণা করা হলো।

