কলকাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতা বা তাঁদের গাড়িতে কোনও ভাবেই যাতে হামলা না হয়, তা সর্বতোভাবে নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে, সোমবার স্পষ্ট নির্দেশ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে হেনস্থা করা হচ্ছে, তাঁদের উপর হামলা চালানো হচ্ছে এবং নানা ভাবে বিড়ম্বনায় ফেলা হচ্ছে— এই অভিযোগে রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী এবং এক বিজেপি বিধায়ক। সেই মামলার মধ্যেই কিছু দিন আগে চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলার ঘটনার প্রসঙ্গ ওঠে। অভিযোগ, ওই ঘটনার পর উল্টে শুভেন্দু ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধেই মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। সেই এফআইআর খারিজের দাবিতে জনস্বার্থ মামলার মধ্যেই আলাদা করে আবেদন করেন বিরোধী দলনেতা। এর আগেই ওই মামলায় শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট।
এ দিন মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের পক্ষ থেকে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। সেই আবেদনের বিরোধিতা করে শুভেন্দুর আইনজীবী জানান, এই সময়ের মধ্যে নতুন করে যেন কোনও বিরোধী নেতা হেনস্থার শিকার না হন, সে বিষয়ে আদালতের স্পষ্ট নির্দেশ প্রয়োজন। রাজ্য আপত্তি তুললেও আদালত তা মানেনি। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনও বিরোধী নেতা বা তাঁদের গাড়ির উপর যাতে কোনও রকম হামলা না হয়, সেই নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের।

