হাওড়া : আবাসন প্রকল্পের টাকা কাটমানি হিসেবে নেওয়ার অভিযোগে পুলিশের খোঁজে থাকা এক তৃণমূল নেতাকে কাপড়ের গুদামে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে থাকার অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
পুলিশের অভিযানের সেই ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। তিনি স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত। অভিযোগ, সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তিনি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কাটমানি আদায় করেছিলেন। এই অভিযোগে এলাকার কয়েকজন বাসিন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর তাঁকে গ্রেফতার করতে গেলে ব্রহ্মানন্দ চক্রবর্তী আত্মগোপনের চেষ্টা করেন। পুলিশ জানতে পারে, তিনি একটি কাপড়ের দোকানের গুদামে লুকিয়ে রয়েছেন।
সেখানে পৌঁছে তল্লাশি চালিয়ে শাড়ির স্তূপের নিচ থেকে তাঁকে উদ্ধার করে গ্রেফতার করা হয়।পুলিশের এই অভিযানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

