উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে দক্ষিণেও

কলকাতা : উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই দিনে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। আগামী রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিঙে অতিভারী বৃষ্টি হতে পারে।

১৫ থেকে ১৭ জুলাই, অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইতে পারে। তার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এর ফলে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =