পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহানকে গুলি করে হত্যা মুজফফরাবাদে

নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সংঘটিত জঙ্গি হামলার অন্যতম দুষ্কৃতীর চাঁই হামজা বুরহান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজফফরাবাদে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে নিহত হয়েছে। হামলায় তাকে একাধিক গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় সঙ্গীরা তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ২৭ বছরের হামজা বুরহান ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-বদরের সঙ্গে যুক্ত ছিল। তার আসল নাম ছিল আরজুমন্দ গুলজার ডার। জঙ্গি মহলে সে ‘ডক্টর’ নামেও পরিচিত ছিল। কাশ্মীরের পুলওয়ামার রত্নিপোরা এলাকার খরবতপোরা গ্রামের বাসিন্দা হামজা ২০১৭ সালে উচ্চশিক্ষার অজুহাতে পাকিস্তানে যায়। পরে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-বদরে যোগ দেয় এবং ধীরে ধীরে কমান্ডারের পদে পৌঁছয়।

কাশ্মীর উপত্যকায় একাধিক জঙ্গি হামলায় জড়িত ছিল হামজা। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলার অন্যতম চক্রী ছিল সে। মুজফফরাবাদের এইমস কলেজের বাইরে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে হামজা।

উল্লেখ্য, হামজার সহায়তায় জঙ্গিরা পুলওয়ামার লেথপোরা এলাকায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল। সেই হামলায় সিআরপিএফের ৪০ জন জওয়ান শহিদ হন। ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছয়। পরে পাকিস্তানের মাটিতে একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 15 =