সোনা অধরা, এশিয়ান গেমস স্কোয়াশে  রুপোর জোড়া সাফল্য অনাহত-অভয়ের

এশিয়ান গেমস ২০২৬-এ স্কোয়াশের একক বিভাগে সোনার স্বপ্ন পূরণ হল না ভারতের। রবিবার মহিলাদের ফাইনালে অনাহত সিং এবং পুরুষদের ফাইনালে অভয় সিং— দু’জনেই মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে সরাসরি তিন গেমে হারলেন। ফলে সিঙ্গলস বিভাগ থেকে জোড়া রুপো পেল ভারত। একই সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের প্রাথমিক যোগ্যতার সুযোগও হাতছাড়া হল তাঁদের।
নাগোয়ার কিনজো ফুতোর ময়দানে প্রথমে মহিলাদের ফাইনালে নামেন অনাহত। তাঁর সামনে ছিলেন মালয়েশিয়ার সিভাসাঙ্গারি সুব্রহ্মণিয়ম। শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখান সিভাসাঙ্গারি। প্রথম দুই গেমে অনাহত মাত্র চারটি করে পয়েন্ট পান। ১১-৪, ১১-৪ ব্যবধানে দুই গেম জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন মালয়েশিয়ার খেলোয়াড়।
তৃতীয় গেমে অবশ্য লড়াইয়ে ফেরার চেষ্টা করেন অনাহত। আগের দুই গেমের তুলনায় অনেক বেশি প্রতিরোধ গড়ে তোলেন তিনি। এমনকি ম্যাচ পয়েন্টও বাঁচান ভারতীয় খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত ১১-৭ ব্যবধানে তৃতীয় গেম জিতে সোনা নিশ্চিত করেন সিভাসাঙ্গারি। ০-৩ ব্যবধানে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় অনাহতকে।
ফাইনালে হারলেও ইতিহাস গড়েছেন ভারতীয় তারকা। এশিয়ান গেমসের স্কোয়াশ সিঙ্গলসে রুপো জেতা প্রথম ভারতীয় মহিলা হলেন অনাহত। এর আগে দীপিকা পাল্লিকাল এবং জোৎস্না চিনাপ্পা এই বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন।
অন্য দিকে, পুরুষদের ফাইনালে অভয়ের প্রতিপক্ষ ছিলেন মালয়েশিয়ার এন এইন ইয়াও। প্রথম গেমে ৯-১১ ব্যবধানে হারার পর পরের দুই গেমেও ৫-১১, ৫-১১ ব্যবধানে পরাজিত হন অভয়। ফলে ০-৩ ব্যবধানে ম্যাচ জিতে সোনা ধরে রাখেন মালয়েশিয়ার খেলোয়াড়।
ফাইনালের আগে দুর্দান্ত ছন্দে ছিলেন অভয়। একটি গেমও না হেরে ফাইনালে পৌঁছেছিলেন তিনি। পুরুষদের সিঙ্গলসে রুপো জিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে নজির গড়লেন অভয়। এর আগে সৌরভ ঘোষাল দু’বার ফাইনালে উঠে রুপো জিতেছিলেন।
তবে স্কোয়াশে ভারতের পদক অভিযান এখনও শেষ হয়নি। মিশ্র দ্বৈতে জোৎস্না চিনাপ্পা ও ভেলাভান সেন্থিলকুমার ইতিমধ্যেই ব্রোঞ্জ জিতেছেন। সোমবার থেকে শুরু দলগত বিভাগেও ভারতের সামনে রয়েছে আরও পদক জয়ের সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twenty =