বেলুড় থেকে দক্ষিণেশ্বর – কমিশনারকে ঘিরে বিক্ষোভ, তবু হিংসামুক্ত ভোটের বার্তা জ্ঞানেশের

কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসে মঙ্গলবার সকালে ধর্মীয় পরিক্রমায় বেরোলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালীঘাট মন্দিরে আগের দিনের সফরের পর এ দিন সকাল প্রায় ৭টা নাগাদ তিনি পৌঁছন বেলুড় মঠে। সেখানে মূল মন্দিরে প্রণাম সেরে মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ–এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। প্রায় ৪৫ মিনিট মঠে অবস্থান করেন তিনি।

মঠ থেকে বেরিয়ে নির্বাচনের প্রসঙ্গে কমিশনার স্পষ্ট বার্তা দেন। তাঁর কথায়, “নির্বাচনের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত ভোট করাতে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।”

এরপর বেলুড় থেকে তিনি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে যান। তবে সেই পথে তাঁকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে। কিছু মানুষ কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানান এবং ‘গো ব্যাক’ স্লোগান তোলেন বলে জানা গিয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, এসআইআর প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম অকারণে বাদ পড়েছে।
উল্লেখ্য, সোমবারও কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে একই ধরনের প্রতিবাদের মুখে পড়তে হয় কমিশনারকে। যদিও সে সময় তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি।

তিন দিনের সফরে আসা নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন অন্য দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশী। সোমবার পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরে কমিশনের পর্যবেক্ষণ, কিছু বিচ্ছিন্ন সমস্যা থাকলেও রাজ্যে ভোট গ্রহণের পরিবেশ সামগ্রিকভাবে বিদ্যমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =