বাঁকুড়া : বাঁকুড়ায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির গাড়ি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর-মোরগ্রাম জাতীয় সড়কে বাঁকুড়া সদর থানার অন্তর্গত এক্তেশ্বর ব্রিজের কাছে। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এই বিপত্তি, প্রথমে একটি মোটরবাইকে এবং তার পরে একটি লরিতে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় এক শিশু-সহ তিন জন জখম হয়েছেন।
পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে দুর্গাপুরের দিক থেকে আসছিল গাড়িটি। প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি ওই গাড়ি চালাচ্ছিলেন। বাঁকুড়া সদর থানা এলাকার এক্তেশ্বর ব্রিজের কাছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি প্রথমে উল্টোদিক থেকে ছুটে আসা একটি বাইকে ধাক্কা মারে। এরপরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতেও ধাক্কা মারে। তুহিন একাই ছিলেন গাড়িতে।
ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোটরবাইকে থাকা এক শিশু-সহ মোট ৩ জন। গাড়ির চালক তুহিন মান্ডিকে আটক করেছে পুলিশ।

