কলকাতা : বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানায়, যথেষ্ট তথ্য ছাড়াই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এর ফলে জনস্বার্থের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এই ধরনের মামলায় ১০ লক্ষ টাকা করে জরিমানা করা উচিত।
বুধবার পর পর কয়েকটি জনস্বার্থ মামলা খারিজ করে দেয় হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, জনস্বার্থ মামলার একটি নিদির্ষ্ট নিয়ম রয়েছে। যে কোনও বিষয় নিয়ে মামলা দায়ের করা যায় না।
প্রধান বিচারপতির কথায়, “এই ধরনের মামলায় আদালত জরিমানা করতে বাধ্য হবে। ওই জরিমানার অর্থ বার লাইব্রেরিতে যাবে বই কেনার জন্য। যদি আইনজীবীরা চান যে, এই ধরনের মামলা আদালতের শোনা উচিত, তবে বার লাইব্রেরির বই কিনে দেওয়ার জন্যও তাঁদের প্রস্তুত থাকতে হবে।”
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, “কেন এই ধরনের মামলার পিছনে দৌড়োচ্ছেন? কেন সময় নষ্ট করছেন? ওই সময় নিজের স্বপ্ন এবং লক্ষ্যের জন্য খরচ করুন। নিজের স্বপ্নের পিছনে দৌড়োন।”
হাই কোর্ট সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত ৪৭৫টিরও বেশি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। গত বছর ৬০০-র বেশি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

