কেদারতালের তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার পাঁচ যুবক, উৎকণ্ঠায় বৃদ্ধ বাবা-মা; ছেলের ফেরার অপেক্ষায় পরিবার

বাঁকুড়া : উত্তরাখণ্ডের দুর্গম কেদারতাল ট্রেকিং রুটে প্রবল তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার জেরে নিখোঁজ বাঁকুড়ার পাঁচ যুবক। তাঁদের মধ্যে রয়েছেন বাঁকুড়ার কেশরা গ্রামের বাসিন্দা মনোজ খাওয়াস। ছেলের কোনও খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর বৃদ্ধ বাবা-মায়ের। পরিবারের একমাত্র প্রার্থনা, সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুন মনোজ।

বুধবার পরিবার সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুজোর সময় বন্ধুদের সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন মনোজ। পাহাড়ে ট্রেকিং করতে গিয়েই তাঁরা প্রতিকূল আবহাওয়ার মুখে পড়েন। পরিবারের দাবি, গত ২৭ অক্টোবর শেষবার ফোনে কথা হয়েছিল মনোজের সঙ্গে। সেই সময় তিনি জানিয়েছিলেন, পাহাড়ি এলাকায় নেটওয়ার্কের সমস্যা রয়েছে। পরবর্তী সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। তারপর থেকেই বন্ধ রয়েছে তাঁর ফোন। ছেলের কোনও খবর না পেয়ে উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ পাঁচ যুবক হলেন রিন্টু মণ্ডল, উদয় ঘোষ, রতন ঘোষ, তাপস বাউরি এবং মনোজ খাওয়াস। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

কেশরা গ্রামের বাড়িতে এখন অপেক্ষার প্রহর গুনছেন মনোজের বৃদ্ধ বাবা-মা। কখন মিলবে ছেলের নিরাপদে ফিরে আসার খবর, সেই আশাতেই দিন কাটছে পাঁচটি পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 13 =